নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রশাসনের প্রতিটি রন্ধ্রে স্বৈরাচার আওয়ামী সরকারের প্রেতাত্মারা বসে আছে। তাদের অপসারণ না করা পর্যন্ত নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। যতদিন দেশ পুনর্গঠন না হবে, ততদিন পর্যন্ত অন্তবর্তীকালীন সরকারকে সময় দেওয়া হবে। এজন্য তাদের সহযোগিতাও করতে চাই। শহীদ পরিবারের মাঝে সহযোগিতা অব্যাহত থাকবে। বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৪ আগস্ট) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কোটা আন্দোলনে শহীদ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয় জেলা জামায়াত। এ সময় শহীদদের স্মরণে দোয়ায় এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ ও জনগণকে মুক্ত করতে যারা শহীদ হলেন, তারা আমাদের জাতীয় বীর। জামায়াতের পক্ষ থেকে তাদের রাষ্ট্রীয়ভাবে বীর ঘোষণা করার দাবি জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, খুনিদের বিচার অবশ্যই বাংলাদেশে হবে। ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিচার এ দেশের মাটিতে হবে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে, আমরা সাধুবাদ জানাই। শেখ হাসিনাসহ গণহত্যার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, জুলুম নির্যাতনের পরেও জামায়াতের নেতারা ফাঁসির দড়িতে চুম্বন করেও স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচারের লোকজন হিন্দু ভাইদের ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল, কিন্তু দেশের ছাত্রজনতা সেটি নস্যাৎ করে দিয়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হিন্দু ভাইদের মন্দির, জমি-জায়গা পাহারা দিয়ে শান্তির বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছেন। কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের লোকজনই হিন্দু ভাইদের মন্দিরে ভাংচুর, ঘরবাড়ি, জমি দখল, লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মুফতি রবিউল বাশার, সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী, খুলনা মহানগরের সাবেক আমীর মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা অঞ্চলের সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর ইমরান হুসাইন, সাবেক জেলা সেক্রেটারি নুরুল হুদা, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমামুল ইসলাম, শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ