নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার ওপর হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

নোয়াখালী হাতিয়াতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজের (৩২) ওপর ছাত্রলীগের একদল কর্মীর হামলার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদীবাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শাহনেওয়াজ গ্রামের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আহত শাহনেওয়াজ অভিযোগ করে বলেন, ঈদুল আজাহা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে আসেন। আসার পর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের ঘরোয়াভাবে মতবিনিময় করেন। সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি সোনাদিয়া ইউনিয়নের হিল্টন সড়কের গ্রামের বাড়ি থেকে বের হয়ে জাহাজমারা বাজারে এলে ছাত্রলীগের ১০-১৫ জনের একদল কর্মী অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়।

শাহনেওয়াজ অভিযোগ আরো বলেন, হামলাকারীরা এ সময় তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর ফোলা, জখম করে। তারা তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লিচিকিৎসকের মাধ্যমে বাড়িতে চিকিৎসা নেন। হামলায় গুরুতর আহত হলেও নিরাপত্তার কারণে তিনি হাসপাতালে ভর্তি হননি বলে উল্লেখ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ছাত্রলীগের কিছু কর্মী জাহাজমারা এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্রদল নেতার সঙ্গে থাকা কর্মীরা তাদের লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। ছাত্রদল নেতার ওপর কেউ হামলা করেনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতার ওপর হামলার কথা তাঁকে ফোনে জানানো হয়েছিল। তিনি তাৎক্ষনিক জাহাজমারা তদন্ত কেন্দ্র থেকে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। কিন্তু ঘটনার বিষয়ে ছাত্রদল নেতার পক্ষ থেকে রাত নয়টা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ