নোয়াখালীতে হেনস্তার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
নোয়াখালীতে নির্বাচনি প্রচারণায় হামলা, কুটুক্তি ও হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শহর প্রদক্ষিণ করে জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মহিলা জামায়াতের জেলা সেক্রেটারি নাজনীন আক্তার।
তিনি বলেন, দেশব্যাপী একটি পক্ষ পরিকল্পিতভাবে নারীদের ওপর হামলা চালিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করছে। বর্তমান সময়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত সমর্থিত নারীদের নির্বাচনি প্রচারণায় বাধা ও হেনস্তা কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু নারীদের অধিকার হরণকারী একটি দল কর্মজীবী নারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিপুলসংখ্যক কর্মজীবী নারী সক্রিয়ভাবে জামায়াতের সঙ্গে কাজ করায় তাদের অস্বস্তি বেড়ে গেছে। তাদের এসব অবৈধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
বিক্ষোভের আগে সমাবশে শহর কর্মপরিষদ সদস্য হালিমা খাতুন অশ্রুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য রেহানা বিনতে আলী, শহর কর্মপরিষদ সদস্য জান্নাতুল মাওয়া প্রমুখ।
পরে জেলা মহিলা জামায়াতের পক্ষ থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ