পঞ্চাশ নয়, পঁচিশ হাজার হলো ট্রেইনি চিকিৎসকদের ভাতা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
টানা কয়েক দিনের আন্দোলনের পর বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ট্রেইনি চিকিৎসকদের বেতন ২০ হাজার থেকে ২৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। যদিও তাদের দাবি ছিল ৫০ হাজার টাকা করার।
রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দফতর থেকে এই ঘোষণা দেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে কিছুক্ষণ আগে এই সিদ্ধান্ত এসেছে। সংশ্লিষ্ট সবাইকে এটি জানিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা আপাতত পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছেন।
৫০ হাজার টাকা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এই মুহূর্তে এর চেয়ে বেশি বৃদ্ধি সম্ভব নয়। পরবর্তী সময়ে এই সংকট কেটে গেলে তাদের আরও বাড়ানো সম্ভব হবে।
এদিকে পাঁচ হাজার টাকা বাড়ানোর তথ্য তাদের জানানো হয়নি উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে আন্দোলনকারী চিকিৎসা ডা. তানভীর বলেন, ভাতা বাড়ানো হয়েছে কি না আমাদের এখনো জানানো হয়নি। যদি হয়ে থাকে, আগে আমাদের বলার কথা। খবরে জানতে পারলাম পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে। এটা হয়ে থাকলে আমরা মানি না।
জনতার আওয়াজ/আ আ