পদের বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগ, বাউফল বিএনপির ২ নেতাকে অব্যাহতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদের বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগ, বাউফল বিএনপির ২ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ

 

বাউফল দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহবায়ক শাহজাদা মিয়া ও সদস্য সচিব অলিয়ার রহমানকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার রাতে পটুয়াখালীর জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক আদেশে তাদের দুজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার ওই আদেশের কপি শাহজাদা মিয়া ও অলিয়ার রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়। লিখিত আদেশে উল্লেখ করা হয়- সম্প্রতি দাসপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সঙ্গে পদের বিনিময়ে অর্থ লেনদেনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ১৪ জুন উপজেলা বিএনপির আহবায়ক শাহজাদা মিয়া ও সদস্য সচিব অলিয়ার রহমানকে কারণ দর্শানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর সন্তোষজনক জবাব না দেওয়ায় তাদের দুজনকে নৈতিক স্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙের কারণ দেখিয়ে অব্যাহতি প্রদান করা হয়।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি বাউফল উপজেলা বিএনপির ইউনিয়ন পর্যায়ের কমিটি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়। দাসপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী সাইফুল ফিরোজের কাছে মুঠোফোনে ওই পদ পেতে শাহজাদা মিয়া ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় বিকাশ অ্যাকাউন্টে খরচসহ দ্রুত টাকা পাঠানোর জন্য তিনি সাইফুল ফিরোজকে নির্দেশ করেন। সাইফুল ফিরোজ ঢাকার ব্যবসায়ী। কমিটি অনুমোদনের জন্য দ্রুত ঢাকা যেতে হবে বলেও কথোপকথনে শাহজাদা মিয়া উল্লেখ করেন। তখন সাইফুল ফিরোজ আরও কয়েকজন নেতাকে দলীয় পদ পাইয়ে দিতে শাহজাদা মিয়াকে টাকা অফার করেন। ২ মিনিট ২৭ সেকেন্ডের অডিও ক্লিপে শেষ পর্যন্ত টাকা পাঠানোর সিদ্ধান্ত নিতে ৫ মিনিট সময় চেয়ে সাইফুল ফিরোজ সংযোগটি কেটে দেন।

এ ঘটনার দুই দিন পর একই প্রার্থীর কাছে টাকা দাবি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অলিয়ার রহমান। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ পৌর বিএনপির সদস্য সচিব হুমায়ন কবিরকে পদের বিনিময়ে খাসি ও নগদ টাকা দেওয়ার উদাহরণ টেনে সাইফুল ফিরোজের কাছে টাকা দাবি করেন। এসব কথপোকথনের একাধিক অডিও ক্লিপ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় তুলেছে। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক শাহিন রেজা বলেন, বর্তমান আহবায়ক কমিটি যে বাণিজ্য করবে সেটা আমরা আগে থেকেই বলে আসছি। এ কমিটি দিয়ে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। বিষয়টি জানার জন্য সাইফুল ফিরোজের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা বিএনপির আহবায়ক শাহজাদা মিয়া ও সদস্য সচিব অলিয়ার রহমান বলেন, এসব অডিও ক্লিপের ভয়েজ আমাদের না। দলের যারা ভালো চায় না তারা কেউ ষড়যন্ত্র করে এসব এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ