ফের সংঘর্ষে জড়ালো ইডেন ছাত্রলীগ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের সংঘর্ষে জড়ালো ইডেন ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ

 

কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের জেরে গতকাল রাত থেকে উত্তপ্ত ইডেনের ক্যাম্পাস। গতরাতে সংঘর্ষের পর রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আরেক সংঘাতে জড়িয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রাতের ঘটনার পর হল ছাড়েন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। ঘটনার প্রায় ১৯ ঘণ্টা পর রোববার বিকেলে ক্যাম্পাসে আসেন রিভা-রাজিয়া ও তাদের অনুসারীরা। বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলন করার কথা ছিল তাদের। তবে তারা ক্যাম্পাসে আসতেই শুরু হয় সংঘর্ষ। রিভা-রাজিয়াদের বিরোধী ছাত্রলীগ নেত্রীরা তাদের দেখেই উত্তপ্ত হয়ে পড়েন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পৌনে ছয়টা) ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ও উত্তেজনা চলছিল।

এর আগে শনিবার রাত ১০টা নাগাদ ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারীরা। পর তাদের দুজনকে আর ক্যাম্পাসে দেখা যায়নি তাদের। এমনকি তাদের ফোনেও পাওয়া যায়নি।

সহ-সভাপতিকে মারধরের পর গত রাত থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছে ইডেন ছাত্রলীগের একাংশ। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।

সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতন, সিট বাণিজ্যের অভিযোগ তুলে তাদের বিচার দাবি করেছেন ছাত্রলীগেরই ২০ নেত্রী। তারা সবাই বর্তমান কমিটির বিভিন্ন পদে রয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে লিখিতভাবে তারা অভিযোগ জানান। একই সঙ্গে ১১টি দাবিও তুলেছেন তারা।

রিভা-রাজিয়ার বিচার দাবি করা নেত্রীদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির ১৬ জন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক। এছাড়া অধ্যক্ষ বরাবর দেওয়া ওই লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন আরও অন্তত একশ জন সাধারণ শিক্ষার্থী।

রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইডেন কলেজের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির ওই দুই সদস্য হলেন-কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদার ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি।

গত ১৩ মে তামান্না জেসমিন রিভাকে সভাপতি ও সুলতানা রাজিয়াকে সাধারণ সম্পাদক করে তিন বছর পর ইডেন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ৷ সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত নেত্রীও ছিলেন তিলোত্তমা শিকদার ও বেনজির হোসেন নিশি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ