বগুড়ায় নির্বাচনী আচরণবিধি ভেঙে যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর পক্ষে আচরণবিধি ভেঙে দেড় হাজার মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগ করেছে বগুড়া জেলা যুবলীগ। এ সময় শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আজ রোববার দুপুর ১২টায় মোটরসাইকেল নিয়ে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করে জেলা যুবলীগের সব নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহনের নেতৃত্বে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন বগুড়া যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
এর আগে আলতাফুন্নেছা খেলার মাঠে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে নির্বাচনী বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাব্লু প্রমুখ।
এ বিষয়ে জানতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাব্লুর সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
আচরণবিধি প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে প্রচারণা চালান তা পর্যবেক্ষণের জন্য দুই নির্বাচনী এলাকায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। যখনই যে প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে, তখনই সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চলছে। কোনো প্রার্থী মোটর শোভাযাত্রার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনেও বিষয়টি জানানো হবে।
জনতার আওয়াজ/আ আ