বন্ধ কারখানা চালুতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি সচল করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক সংবাদ সম্মেলনে দেশের নতুন একটি বিশেষ তহবিলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এই তহবিলের মাধ্যমে বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে এবং এর মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান বলেন, এই তহবিলের আওতায় ঋণের ক্ষেত্রে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে বহন করবে। ফলে গ্রাহকরা ৭ শতাংশ সুদে এই ঋণ সুবিধা পাবেন। তিনি আরও জানান, মোট ৬০ হাজার কোটি টাকার এই তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং বাকি ১৯ হাজার কোটি টাকা আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে।
তিনি উল্লেখ করেন, এই অর্থায়নের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করা হবে। পাশাপাশি কৃষি খাত, পোশাক শিল্প, সিএমএসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প), এবং পরিবেশবান্ধব ও সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) খাতেও ঋণ ও অর্থায়ন দেওয়া হবে। এতে দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, “দেশ থেকে প্রায় ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ঋণের এক-তৃতীয়াংশ নিখোঁজ বা অনুপস্থিত হয়ে গেছে। এসবের বিপরীতে পর্যাপ্ত সম্পদও নেই।”
জনতার আওয়াজ/আ আ