বন্যায় ১১ জেলায় মুত্যু বেড়ে ৫২: ত্রাণ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দেশে চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যায় মোট ৫২ জন মারা গেছেন। এর মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ শিশু রয়েছেন। বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিল ৩১ জন।
এই ৫২ জনের মধ্যে কুমিল্লায় ১৪, ফেনীতে ১৭, চট্টগ্রামের ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারের ৩ ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব।
বন্যা আক্রান্তদের ত্রাণ পৌঁছানোর কাজ এখনও চলমান আছে জানিয়ে তিনি আরও বলেন, বন্যার পরে রোগের প্রাদুর্ভাব হয়। সে বিষয়ে সতর্ক থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব। কারণ হিসেবে বলেন, উজানে বৃষ্টিপাত হয় নি। এছাড়া এবারের বন্যায় প্রশাসন, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিসহ অনেকেই একসাথে কাজ করেছেন বলেও জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ