বর্তমান সংবিধান নৌকা মার্কা মুজিব কোট পরা: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সংবিধান নৌকা মার্কা মুজিব কোট পরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বর্তমান সংবিধান নৌকা মার্কা সংবিধান, মুজিব কোট পরা সংবিধান, এই সংবিধান অনুযায়ী দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের প্রায়ই বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। পঞ্চদশ সংবিধানের পরে এই সংবিধান নৌকা মার্কা সংবিধান। এই সংবিধান মুজিব কোট পরা সংবিধান। এই সংবিধান অনুযায়ী নির্বাচন আমরা দেখেছি। ২০১৪ সালে। এই সংবিধান অনুযায়ী নির্বাচন আমরা দেখেছি ২০১৮ সালে। এই সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচনে মানুষ ভোট দিতে যায় না। যায় কুকুর বিড়াল, গরু যায়, মানুষ যায় না। তাই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হতে হবে।’

শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই রিজভী বলেন, ‘পথে পথে হাজারো বাধা অতিক্রম করে আজকের এই জনসমাবেশে এসেছেন সবাই। আমি দু’তিনটা কথা বলব একটু নীরব থাকা যাবে সবাই? শেখ হাসিনা সারাদেশের জনগণকে যেভাবে নিরব করতে চাচ্ছে আমি ওই নীরবের কথা বলি নাই। এই জনসমাবেশে অল্প একটু সময় নিরব থাকার কথা বলেছি।’ তখন নেতাকর্মীরা হ্যাঁ-সূচক উত্তর দেন।

বিএনপি নেতাকর্মীদেরকে আজকের এই সমাবেশে আসতে পথে বাধা দিয়েছে পুলিশ ও আওয়ামী লীগ যৌথভাবে এমন অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘মোবাইল চেক করেছে বাস থেকে নামিয়ে নামিয়ে তারপরও আজকের এই জনসমাবেশে জনস্রোত আটকাতে পারেনি। জনসমাবেশের অনুমতি দেওয়া-নিয়েও অনেক নাটক করেছে মাত্র ২০ ঘণ্টা আগে অনুমতি দিয়েছে।’

তিনি বলেন, ‘আজকের এই একই সময় আরও একটা সমাবেশ হচ্ছে আওয়ামী লীগের। আমাদের সমাবেশে শুধু মানুষ আর মানুষ মানুষের, তিল ধারনের জায়গা নাই। আর আওয়ামী লীগের সমাবেশে খালি চেয়ার আর বাবুই চড়ুই পাখি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আপনি শেখ হাসিনা আজকে আপনার দলের এই অবস্থা করেছেন। শুধু বাংলাদেশের মানুষ নয় সারা বিশ্বে থেকেও আপনাকে ঘৃণা জানাচ্ছে।’

‘আমেরিকার কংগ্রেস ম্যানরা জাতিসংঘের কাছে মানবাধিকার নিয়ে অভিযোগ জানিয়েছে। বাংলাদেশের এই কলঙ্ক কেন? কারণ আপনি শেখ হাসিনা কপালে কলঙ্কের তিলক পড়েছেন। গোটা জাতির ঘাড়ের উপর দৈত্যের মতো শেখ হাসিনা বসে আছে।’ জাতির ঘাড় থেকে সেই দৈত্যকে নামাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। তার বাণী আকাশে বাতাসে দেশের প্রতিটি জায়গায় ভাসছে। তারেক রহমানের ডাকে ২০ ঘণ্টার মধ্যে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। তাই আজ গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে আনতে হবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থা করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখা হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১ দফা দাবিতে অনুষ্ঠিত হওয়া এই মহা-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করছেন মির্জা আব্বাস।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানের সঞ্চালনায়
মহাসমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুস মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বরকত উল্লাহ বুলু, এ জেড এম জাহিদ, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, আব্দুস সালাম আজাদ, যুব দল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, এস এম জিলানী সভাপতি, ছাত্রদলের সভাপতিকাজী রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রবিন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ