বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ বিজেপি নেতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বাংলাদেশে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়ার ঘটনায় কংগ্রেসের শ্রীভূমি কমিটির নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।
পুলিশকে দেওয়া নির্দেশনায় মুখ্যমন্ত্রী জানান, শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, ওই কংগ্রেস সভায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে দেশদ্রোহমূলক কার্যকলাপে অংশ নেওয়া হয়েছে।
ঘটনা প্রসঙ্গ, গত সোমবার করিমগঞ্জ জেলার শ্রীভূমি শহরে কংগ্রেসের এক বৈঠকে স্থানীয় নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি পরিবেশন করেন। ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, কংগ্রেসের ওই কর্মকাণ্ড ভারতের জনগণ ও জাতীয় সংগীতের অবমাননা। বাংলাদেশকে কেন্দ্র করে এমন কার্যকলাপে পুলিশকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি বাঙালি সংস্কৃতির অংশ। বিজেপি এই গানকে রাজনৈতিক স্বার্থে বিতর্কিত করছে। তিনি বলেন, ‘গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হলেও এর সঙ্গে কোনো দেশদ্রোহ সম্পর্ক নেই। এটি বাঙালির ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত।’
ব্রিটিশ শাসনকালীন ১৯০৫ সালে রচিত ‘আমার সোনার বাংলা’ গানটি স্বাধীনতার পর ১৯৭১ সালে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়।
জনতার আওয়াজ/আ আ