বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে চায়: তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে চায়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভেতরে শৃঙ্খলা ও জবাবদিহিতার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, বিএনপি এখন শুধু ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে চায় — বিশেষ করে তরুণদের।

তারেক রহমান বলেন, “আমরা দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করে তুলছি।”

তিনি জানান, দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে ৭,০০০-এর বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন। তিনি উল্লেখ করেন, “এই সিদ্ধান্তগুলো সহজ ছিল না, তবে বাস্তবতা ও দায়বদ্ধতার নিরিখে তা ছিল অত্যাবশ্যক।”

তারেক রহমানের মতে, এই পদক্ষেপই প্রমাণ করে যে বিএনপি সততা ও জবাবদিহিতার প্রশ্নে আপোষহীন। “আমরা যেমন ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে চাই, তেমনি নিজেদের দলীয় সদস্যদেরও একই মানদণ্ডে পরিমাপ করি।”

তিনি আরও বলেন, বিএনপি নিজেদের আধুনিকায়নের মাধ্যমে সময়ের চাহিদা অনুযায়ী অভিযোজিত হয়েছে। তরুণদের আশা পূরণে দল ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের মতো অগ্রাধিকারমূলক খাতগুলোতে নীতিমালা তৈরি করছে।

নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের রাজনীতিতে আরও অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “আমরা চাই, বিএনপি হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক।”

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি, এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল।”

তারেক রহমান শেষ পর্যন্ত জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় দলের দৃঢ়প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করে বলেন, “বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণআকাঙ্খিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব — ইনশাআল্লাহ।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ