বিএনপি-জামাত অগ্নিকাণ্ডে পারদর্শী এবং বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন : শেখ পরশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি-জামাত অগ্নিকাণ্ডে পারদর্শী এবং বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন : শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামাত অগ্নিকাণ্ডে পারদর্শী এবং বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাদের জিজ্ঞাসা করলেই অগ্নিকাণ্ডের আসল ঘটনা বেরিয়ে আসবে। ঘন ঘন অগ্নিকাণ্ড ষড়যন্ত্রের আভাস।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আজকেও ঢাকা সুপার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি মনে করি এত ঘন ঘন অগ্নিকাণ্ডের পিছনে ষড়যন্ত্রের হাত আছে। তা খতিয়ে দেখার জন্য সরকারকে অনুরোধ করছি। কারণ এত ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা কোন দুর্ঘটনা হতে পারে না। বিএনপি-জামাত অগ্নিকাণ্ডে পারদর্শী, তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আমাদের সকল মেহনতি মানুষ ও যুবলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আমাদের সকল প্রগতিশীল রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

তিনি আরো বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামাত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, সংখ্যালঘুদের উপর পাকিস্তানি কায়দায় হত্যা-নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে, সাংবাদিক ভাইদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে। ২০১৩-১৪ সালে ওরা অগ্নিসন্ত্রাস করেছে। হাজার হাজার যানবাহন পুড়িয়েছে, শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।

যুবলীগের চেয়ারম্যান বলেন, মাত্র ৮ মাস পরে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংসদ নির্বাচন। ঐ নির্বাচনে আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ই তাদেরকেই ভোট দিবেন, যারা আপনাদের জীবনমান উন্নয়ন এবং আশা-আকাঙ্খার বাস্তবায়ন করেছে। আপনারা নিশ্চয়ই তাদেরকেই ভোট দিবেন, যাদের দ্বারা গঠনতন্ত্র, অর্থাৎ আপনাদের অধিকার নিশ্চিত হবে, শোষণমুক্ত সমাজব্যবস্থা হবে এবং সকলের জন্য সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। এই অঙ্গীকারসমূহ পূরণ হলেই আমরা গড়ে তুলতে পারব একটা সুখী, সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ। আপনারা শেখ হাসিনার নৌকাকে ভোট দিলে আপনাদের জীবন মানের ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকবে। একটু যদি পিছনের দিকে তাকান দেখতে পাবেন বিএনপির সময় কি অবস্থা ছিল। আপনাদের আয় কত ছিল? রাস্তা-ঘাটের অবস্থা কি ছিল? শিক্ষার সুযোগ কি ছিল? চিকিৎসা ব্যবস্থা কি ছিল? আপনাদের বাসস্থানের চিন্তা কে করে যাচ্ছেন? জননেত্রী শেখ হাসিনা, তার যুগান্তকারী আশ্রায়ণ প্রকল্পের আওতায়।

নগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদসহ কেন্দ্রীয় নগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ