বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি। তিনি অভিযোগ করেন, কিছু দল ধর্মকে পুঁজিতে পরিণত করে রাজনীতি করছে, কিন্তু বিএনপি মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেয়। বিএনপি লোক দেখানো রাজনীতি বা ভান করে না।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের প্রচারণায় তাকে সমর্থন দিয়ে শামা ওবায়েদ আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ভোটারদের সমর্থন পেলে আমিরুল ইসলাম খান আলীম এমপি নির্বাচিত হবেন।
নারীদের নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যদাতা একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তারা ক্ষমতায় গেলে নারীদের ঘরবন্দি করে রাখবে; বিএনপি বরাবরই নারীর অধিকার ও সম্মানের পক্ষে।”
সমাবেশের প্রধান বক্তা ও ধানের শীষের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডলসহ দলীয় নেতারা। সমাবেশ সঞ্চালনা করেন শারমিন ইয়াসমিন ও নাসরিন বেগম।
সমাবেশে শত শত নারী নেত্রী–কর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনতার আওয়াজ/আ আ