বিদেশে শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৫, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশে শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৯, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৯, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিদেশে শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। তিনি বলেন, বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে দেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট) তৃতীয় দিনে ৭১ বিধিতে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপন করেন তিনি। যদিও স্পিকার নোটিশটি গ্রহণ করেননি, তবে বিষয়টি নিয়ে দুই মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

বক্তব্যে নিলুফার চৌধুরী মনি বলেন, “কথায় আছে, গতিতে জীবন আর স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেয়।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালে দেশের জিডিপির প্রায় ৭ শতাংশ এসেছে প্রবাসী কর্মীদের অবদানের মাধ্যমে।

তিনি জানান, প্রতি বছর প্রায় ১০ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিক বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান। তবে তাদের অধিকাংশই অদক্ষ ও স্বল্পশিক্ষিত। এদিকে বিশ্বজুড়ে শ্রমিকের চাহিদা কমছে এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বাড়ছে। ফলে দক্ষ জনশক্তি তৈরি না করতে পারলে বাংলাদেশের বিদ্যমান শ্রমবাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিলুফার চৌধুরী মনি বলেন, ১৯৮০-এর দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বিদেশে বাংলাদেশি শ্রমশক্তি রপ্তানির যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বর্তমানে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দ্রুত সময়ের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, যাতে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ