বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ ব্যক্তি-পরিবার-রাষ্ট্রকে সচেতন হতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ ব্যক্তি-পরিবার-রাষ্ট্রকে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
‘বেহেশতি বাচ্চা’, ‘ডিফরেন্ট চাইল্ড’, ‘ব্যতিক্রমী শিশু’, ‘ফুল’। স্নায়বিক অতি-সংবেদনশীল শিশুদের এমন নানা শব্দ বা শব্দযুগলে উপস্থাপন করেন তিনি। বললেন, এসব শিশুর মা-বাবা ও শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় তারা এসব শব্দই ব্যবহার করেন। কথা হচ্ছিল রাজধানীর কিডি সিটি স্পেশাল স্কুলের প্রিন্সিপাল জিয়াদ হোসেন বিপ্লবের সঙ্গে।

আজ ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিনটি সামনে রেখে আলাপচারিতায় গতকাল বুধবার দৈনিক খবরের কাগজের সঙ্গে এসব কথা বলেন জিয়াদ হোসেন বিপ্লব।

সংশ্লিষ্টরা বলছেন, অটিজম বিষয়ে ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সব জায়গায় সচেতনতা বাড়াতে হবে।

বিদ্যালয়ের এক শিশুর অভিভাবক সাংবাদিক, লেখক ও কবি মানিক মুনতাসির। বিদ্যালয়ে বসে কথা হয় তার সঙ্গেও। বললেন, ‘নিজেদের মধ্যে আমরা শিশুদের মমতার স্পর্শে রাখার চেষ্টা করলেও পরিবার, আত্মীয়স্বজন, সমাজ ও রাষ্ট্র থেকে তারা পায় চরম অবহেলা।’

মানিক মুনতাসির বলেন, ‘এই শিশুদের পাশাপাশি তাদের মা-বাবার সঙ্গেও দিনের পর দিন অশোভন আচরণ করে আশপাশের মানুষ, কাছের মানুষও। অতিষ্ঠ হয়ে কখনো কখনো কোথাও মা, কোথাও বাবা পর্যন্ত এই শিশুদের সহ্য করতে পারে না–এমনটাও দেখেছি।’

সরকারি হাসপাতালে ডাক্তারের মুখ থেকে এমন শিশুদের উদ্দেশে ‘পাগল’ সম্বোধন করতে শুনেছেন বলেও এ সময় জানান তার স্ত্রী। বলেন, ‘সেটিই ছিল প্রথম ও শেষবার। এরপর আর কখনো আমরা নিজের সন্তানকে নিয়ে সরকারি হাসপাতালে যাইনি। ব্যয়সাপেক্ষ হলেও বেসরকারি স্কুলে দিয়েছি সন্তানকে।’

তবে কিছুটা হলেও আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। তিনি বলেন, এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। এটি অব্যাহত থাকা উচিত।

মানসিক স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিন ‘মনের খবর’-এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব বলেন, মানসিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার।

দেশে সমস্যা বাড়ছে নাকি কমছে–এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ নিয়ে কোনো গবেষণা নেই। তাই বলতে পারছি না।’ আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জন্মের প্রথম তিন বছর অতিক্রম হওয়ার পর সাধারণত এই সমস্যা বোঝা যায়।

রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত কিডি সিটি স্পেশাল স্কুলের চেয়ারম্যান মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এই সমস্যা সমাধানে প্রয়োজন সরকারি খরচে পরিচালিত বিশেষ স্কুল ও থেরাপি সেন্টারের সংখ্যা বৃদ্ধি করা। যেসব স্পেশাল স্কুল চলছে সেগুলোকে অনুদান বা আর্থিক সহযোগিতার মাধ্যমে সহায়তা করার ওপরও জোর দেন তিনি।

সচেতনতা বৃদ্ধির কিছু উপায়ও বলেন তিনি। চেয়ারম্যান বলেন, পাঠ্যপুস্তকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতি বাস্তবায়ন করা প্রয়োজন। অটিজম একটি স্নায়বিক বিকাশজনিত অবস্থা–এ বিষয়ে সমাজে বিদ্যমান কুসংস্কার দূর করতে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালাতে হবে। অটিস্টিক ব্যক্তিরা যাতে স্বাবলম্বী হতে পারেন, সে জন্য তাদের উপযোগী কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তা ছাড়া অটিস্টিক শিশুদের যত্ন নেওয়ার জন্য অভিভাবকদের কাউন্সিলিং ও প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপরও জোর দেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, বিজ্ঞানভিত্তিক কারণ বোঝার মানসিকতা সমাজের অনেকের নেই। বরং কুসংস্কারের বশবর্তী হয়ে অনেকেই একে ‘মা-বাবার পাপের ফল’ বা ‘জিন-ভূতের আছর’ বলে বিশ্বাস করে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) এক গবেষণায় দেখা গেছে, অটিস্টিক শিশুর মায়েদের মধ্যে প্রায় ৪৫ শতাংশ তীব্র বিষণ্নতায় ভোগেন, যদিও সাধারণ নারীদের মধ্যে এই হার মাত্র ৬ দশমিক ৭ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, এসব শিশু বয়োসন্ধিকালে পৌঁছালে, বিশেষ করে মেয়েশিশুরা ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’-এর পার্থক্য বোঝে না এবং নির্যাতিত হলেও তা প্রকাশ করতে পারে না। ফলে তাদের নিয়ে অভিভাবক বাড়তি জটিলতায় পড়েন। তারা বলছেন, সরকার আইন প্রণয়ন, ট্রাস্ট গঠন এবং হেল্পলাইন ১০৯৮-এর মতো কিছু উদ্যোগ নিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

প্রসঙ্গত, অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ