ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত সান্তোস, মাঠেই কাঁদলেন নেইমার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত সান্তোস, মাঠেই কাঁদলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান লিগ সিরি আ’তে লজ্জাজনক এক হার মানতে হলো নেইমারের দল সান্তোসকে। রবিবার সকালে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি।

ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি নেইমার। রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠেই বসে পড়েন তিনি। চোখের জলে ভেঙে পড়া ব্রাজিলিয়ান তারকাকে সতীর্থরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তিনি থামেননি। ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের ধাক্কা সামলাতে নিশ্চিতভাবেই দীর্ঘ সময় লাগবে নেইমারের।

প্রথমার্ধে মাত্র এক গোল খেয়েছিল সান্তোস। তবে দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর রূপ নেয় ভাস্কো দা গামা। একে একে আরও পাঁচবার বল জালে জড়িয়ে নেইমারদের মাঠ ছেড়ে দেয় মাথা নিচু করে।

এর আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলের ব্যবধানে। ২০১১ সালে সান্তোসের হয়ে বার্সেলোনার বিপক্ষে ক্লাব বিশ্বকাপে এবং ২০১৭ সালে বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে এমন হারের অভিজ্ঞতা হয়েছিল তার। তবে এবারকার হার সেই দুই হতাশাকেও ছাড়িয়ে গেছে।

মাঠের লড়াইয়ে নজর ছিল নেইমার ও তার জাতীয় দল সতীর্থ ফিলিপে কৌতিনহোর দিকে। নেইমার ছিলেন সান্তোসে, কৌতিনহো ভাস্কো দা গামায়। ব্যক্তিগত পারফরম্যান্সেও জয় হয়েছে কৌতিনহোর, করেছেন দুটি গোল। ৫৪ ও ৬২ মিনিটে জালে বল পাঠান তিনি।

এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা এখন ১৬তম স্থানে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে আছে সান্তোস।

ম্যাচ শেষে হতাশা লুকাননি নেইমার। তিনি বলেছেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে, অবশ্যই সহিংসতা পরিহার করে। তারা যদি গালি দেয় বা অপমান করে, সেটারও অধিকার তাদের আছে।’

নেইমার আরও বলেছেন, ‘এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমনটা হয়নি। দুর্ভাগ্যবশত এবার হলো। কান্না এসেছিল রাগ থেকে, যা ঘটেছে সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত আমি সবদিক দিয়ে সাহায্য করতে পারি না। যা-ই হোক, পুরো ব্যাপারটাই ছিল একেবারে বাজে, এটাই বাস্তবতা।’

সান্তোসের এত বড় হারের কিছুক্ষণ পরই প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে হাভিয়েরকে ছাঁটাইয়ের কথা নিশ্চিত করেছে সান্তোস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ