ভোটাধিকারের দাবি নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটে নিজামুদ্দিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ

নিজামুদ্দিন, সুনামগঞ্জের বাসিন্দা। তিনি একজন কৃষক। কোন রাজনৈতিক দলের সদস্যও নন। হাওরে মাঠ ভর্তি পাকা ধান রেখে সিলেটে বিএনপির সমাবেশ অংশ নিতে এসেছেন। বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২, বিকেলে, সমাবেশস্থল আলিয়া মাদ্রাসার মাঠে পৌঁছান তিনি। মাঠেই রাত্রিযাপন করেন। সরকারের উপর রাগ আর ক্ষোভ থেকে বিএনপির বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের সঙ্গে আসেন। শুক্রবার দুপুরে বলেন, সমাবেশ অনেকগুলো দাবি নিয়ে এসেছি। আমি আমার ভোটাধিকার ফিরে পেতে চাই। বিগত ১২/১৩ বছর ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত কোন ভোট দিতে পারিনি।
আমার ভোট আওয়ামী লীগের নেতাকর্মীরা দিয়ে দিয়েছে। আমরা ভোটের অধিকার চাই। ভোটের মাধ্যমে আমাদের যোগ্য সরকার নির্বাচিত করতে চাই।
তিনি বলেন, এই সরকারের আমলে কৃষকদের শান্তি নেই। সকল প্রকার কৃষি পণ্যের দাম চড়া। সার পাচ্ছি না। সব আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করে নিয়ে নিয়েছে। খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা চলছে। জ্বালানি তেলের দাম বেড়েছে। কেথাও সুখ নেই। এই সরকারকে আর আমরা চাই না। আমরা চাই এই সরকার বিদায় নেক। জনগণের ভোটের মাধ্যমে নতুন সরকার আসুক।
জনতার আওয়াজ/আ আ