মনোনয়ন ফরম কেনার জন্য মাহিকে অনুমতি দেয়া হয়েছে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৩:১১ অপরাহ্ণ

আসন্ন উপনির্বাচনে সংসদ সদস্য পদে ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার জন্য মাহিয়া মাহিকে অনুমতি দেয়া হয়েছে। এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মাহিয়া মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি বলেন, মাহি নিজেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি আওয়ামী লীগ করেন। এ কারণে তাকে মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া প্রার্থী চূড়ান্ত করা প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রার্থী চূড়ান্ত করবে আমাদের দলের মনোনয়ন বোর্ড।
সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে বিএনপি’র হাই কমান্ডের সিদ্ধান্তের কারণে বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর+ভোলাহাট+নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের পাঁচটি আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
জনতার আওয়াজ/আ আ