মামলা বাণিজ্য ও প্রতিশোধের রাজনীতি বন্ধের আহ্বান রুমিন ফারহানার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি প্রতিনিধি
মামলা বাণিজ্য এবং প্রতিশোধের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৩ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
রুমিন ফারহানার নিজ গ্রামের বাড়ি ইসলামপুরে। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গ্রামবাসী তাকে সংবর্ধনা দিয়েছেন।
রুমিন ফারহানা বলেন, ‘মামলা বাণিজ্য সারা দেশে ছড়িয়ে গেছে। একেকটা মামলায় শত শত আসামি। মিথ্যাভাবে টাকা নিয়ে হয় কারও নাম দেয়, আবার সেই নাম কাটানোর জন্য টাকা নেয়। আমি বারবার বলেছিলাম, এই মামলা বাণিজ্য ধ্বংস নিয়ে আসবে। থানার ভাইদের অনুরোধ করব, মামলা যখন আসে- দয়া করে যাচাই-বাছাই করে মামলা নেবেন।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘আরেকটা শুরু হয়েছে শোন অ্যারেস্ট। জামিনে হয়ে যায়, বের হওয়ার সময় জেলগেটে বলে আরেকটা মামলা আছে। এগুলোর পরিণতি ভালো হবে না। কোনো একটা জায়গায় তো আমাদের থামতে হবে।’
প্রতিশোধের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি পাঁচ বছর ক্ষমতায়, আমি শোধ নিলাম। আবার নতুন যারা আসবে তারা আবার আমাদের ওপর শোধ নেবে। আর কত শোধ নেওয়ার খেলা খেলব? অপরাধীদের নিশ্চই শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু নিরপরাধ কাউকে যেন সাজা দেওয়া না হয়।’
জনতার আওয়াজ/আ আ