মার্কিন বাণিজ্যচুক্তি সম্পর্কে এনসিপির সঙ্গে আলোচনা করা হয়নি’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৬, বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন বাণিজ্যচুক্তি সম্পর্কে এনসিপির সঙ্গে আলোচনা করা হয়নি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তির আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়, তখন সেই চুক্তি সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। বলা হয়ে থাকে, চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।’

মঙ্গলবার (২৬ মে) এনসিপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা মনে করি, নির্বাচনের ৩ দিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে চুক্তি করিয়ে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে, এই চুক্তি বর্তমান সরকার করেনি, আগের সরকার করেছে। এটা নিয়ে রাজনৈতিক খেলা চলছে।’

তিনি বলেন, ‘তিনি (খলিলুর রহমান) তো বর্তমানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রীই এই চুক্তি করেছেন। এর বাইরে কিছু হয়ে থাকলে চুক্তির যেসব অংশ দেশের স্বার্থের পরিপন্থি, সেগুলো বাদ দিন।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘আমরা শুনেছি, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের কাজ করেছেন। তিনি বিএনপির চুক্তির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের তিন দিন আগে চুক্তি করেছেন কি না, এমন প্রশ্ন জনমনে রয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ