মেঘের নৌকা’ দিয়ে অন্তর্জালে ঝড় তুললেন মাহফুজ-বুবলী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেঘের নৌকা’ দিয়ে অন্তর্জালে ঝড় তুললেন মাহফুজ-বুবলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

 

দীর্ঘ বিরতি পর ফের পর্দায় ফিরে এলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। এবার আর ছোট পর্দায় নয়, সরাসরি প্রত্যাবর্তন করছেন বড় পর্দায়। সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে নিয়ে শেষ করলেন সিনেমা ‘প্রহেলিকা’র কাজ। অপেক্ষা মুক্তির।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’য় রোমান্টিক নায়ক-নায়িকার অবতারে রীতিমতো চমকে দিলেন মাহফুজ-বুবলী। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’।

যাতে দেখা গেলো, সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্টমার্টিনের নৈসর্গিক স্থানে প্রেমের সুতোয় বাঁধা পড়লেন মাহফুজ-বুবলী। একে অপরের চোখে চোখ রেখে ঠোঁট মেলালেন এই বলে- মেঘের নৌকা তুমি/ তোমায় ওড়াবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি/ তোমায় বাজাবো বাতাসে…।

আসিফ ইকবালের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল। গানটি নিয়ে বেশ আশাবাদী, খানিক ভয়ে ভয়েও আছেন নায়ক মাহফুজ আহমেদ। কারণ, সিনেমায় এমন অবয়বে খুব বেশি দেখা মেলেনি এই অভিনেতার।

তিনি বলেন, মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।

গানটি প্রকাশের পর ক্রমশ ছড়িয়ে পড়ছে অন্তর্জালে। বেশিরভাগ নেটাগরিক মুগ্ধতা প্রকাশ করছেন মাহফুজ আহমেদের ফিরে আসা নিয়ে। কেউ বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়ালো মাহফুজ-বুবলীর এই গান।

গানটির গীতিকবি আসিফ ইকবাল বলেন, আমি সিনেমায় শেষ গান লিখেছি ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য। এবার লিখলাম ‘প্রহেলিকা’য়। লেখার প্রথম কারণ মাহফুজ আহমেদের ফেরা হচ্ছে এই সিনেমার মাধ্যমে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। সিনেমার সঙ্গে জড়িত অন্যরাও আমার খুব পছন্দের। তবে মাহফুজ আহমেদ আমাদের সবার কাছেই একটু স্পেশাল। গানটি যথেষ্ট আবেগ আর আন্তরিকতা দিয়ে লেখার চেষ্টা করেছি। ইমরান-কোনাল অসম্ভব ভালো করেছে গানটি। সেটি পর্দায় দেখার পর সত্যিই তৃপ্তি পেয়েছি। মনে হলো গানটির সুবিচার করেছেন নির্মাতা।

গানের শিল্পী কোনাল বলেন, আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান। এর মধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেলো। তবে এই ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, এর মধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে ‘মেঘের নৌকা’। ‘প্রহেলিকা’র টিজার প্রকাশের পর থেকে এই গানটির জন্য আমার ভক্তরা অপেক্ষায় ছিলেন। প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির গীতিকবি, সুরকার, নির্মাতা এবং শিল্পীদের প্রতি।

গানটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা বুবলীও। কারণ, এই গানের মাধ্যমেই মাহফুজ-বুবলী জুটির পর্দার রসায়ন মাপা যাবে। অনুমান করা যাবে, ঢাকাই সিনেমায় কতটা প্রভাব ফেলবেন তারা। অনেকটা পরীক্ষার খাতায় ভালো লেখার পর ফলাফলের অপেক্ষায় থাকার মতো বুবলীর অবস্থা।

তার ভাষায়, পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো। যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এই গানটি প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের।

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটির মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ