যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র বিতর্ক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ

 

আঞ্চলিক ভারসাম্যহীনতা ও ত্যাগী নেতাদের বঞ্চনার অভিযোগ! !!

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

বাংলাদেশের পর বহির্বিশ্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে সুপ্রতিষ্ঠিত যুক্তরাজ্য শাখা। যুগের পর যুগ ধরে প্রবাসে দলটির আন্দোলন-সংগ্রাম, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে যুক্তরাজ্য বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সেই শক্তিশালী ঘাঁটির সাম্প্রতিক ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ, ক্ষোভ এবং বিতর্ক।

নতুন ঘোষিত এই কমিটির গঠন বিশ্লেষণ করলে স্পষ্টভাবে দেখা যায়, বাংলাদেশের মাত্র চারটি ভিন্ন এলাকার চারজন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর বাকি অধিকাংশ সদস্যই সিলেটভিত্তিক এলাকার নেতাকর্মী। ফলে একটি জাতীয় দলের প্রবাসী শাখার কমিটিতে আঞ্চলিক ভারসাম্যের চরম ঘাটতি পরিলক্ষিত হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি কেবল সাংগঠনিক দুর্বলতাই নয়, বরং একটি সুপরিকল্পিত একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে—যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ছাড়া অন্য কোনো জোনাল কমিটির নেতাকর্মী এই আহ্বায়ক কমিটিতে স্থান পাননি।

ম্যানচেস্টার, বার্মিংহাম, লিভারপুল, লুটন, লিডসসহ বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছেন। যারা বছরের পর বছর আন্দোলন-সংগ্রাম, সংগঠন গঠন এবং দলীয় কার্যক্রমকে বেগবান করেছেন, তাদের এই বঞ্চনা দলীয় তৃণমূল পর্যায়ে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে।

কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম, কমিউনিটি ফোরাম এবং দলীয় অভ্যন্তরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একাংশ এই কমিটিকে “একপাক্ষিক”, “অসামঞ্জস্যপূর্ণ” এবং “স্বজনপ্রীতির প্রতিফলন” হিসেবে আখ্যায়িত করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন—একটি শক্তিশালী প্রবাসী ইউনিটকে ইচ্ছাকৃতভাবে একটি নির্দিষ্ট অঞ্চল ও গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে কি না।

বিশেষ করে ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা নিয়ে সবচেয়ে বেশি ক্ষোভ দেখা গেছে। বহু প্রবীণ ও পরীক্ষিত নেতা, যারা কঠিন সময়ে দলের পতাকা উঁচিয়ে রেখেছেন, কারাবরণ করেছেন, আর্থিক ও ব্যক্তিগত ত্যাগ স্বীকার করেছেন—তাদের নাম এই কমিটিতে না থাকায় বিস্ময় ও হতাশা ছড়িয়ে পড়েছে। এতে করে নতুন প্রজন্মের কর্মীদের মাঝেও নেতিবাচক বার্তা পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাজ্য বিএনপির মতো একটি প্রভাবশালী সংগঠনে এ ধরনের একমুখী ও ভারসাম্যহীন কমিটি দলীয় ঐক্যের জন্য বড় হুমকি হতে পারে। প্রবাসে দলকে শক্তিশালী রাখতে হলে সব অঞ্চল, মত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব কাঠামো গড়ে তোলা অপরিহার্য।

একজন জ্যেষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা গভীর আক্ষেপ প্রকাশ করে বলেন, “বিগত দিনে যারা ৩১ দফা বাস্তবায়নে ইউরোপের বিভিন্ন দেশে নিরলসভাবে কাজ করেছেন, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে দলকে সংগঠিত করেছেন—দুঃখজনকভাবে ৫ আগস্টের আগ পর্যন্ত সেই ত্যাগী ও পরিশ্রমী নেতাদের কাউকেই এই আহ্বায়ক কমিটিতে স্থান দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “যারা কঠিন সময়ে মাঠে ছিলেন, ঝুঁকি নিয়ে সংগঠনকে টিকিয়ে রেখেছেন, আজ তারাই উপেক্ষিত। অথচ যারা কখনো আন্দোলনের সামনের সারিতে ছিলেন না, তাদের অনেকেই গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। এটি শুধু হতাশাজনকই নয়, বরং তৃণমূলের জন্য একটি নেতিবাচক বার্তা।”

বর্তমান বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন—এই ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি কি সত্যিই সংগঠনকে ঐক্যবদ্ধ করতে পারবে, নাকি এটি প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেতরে বিভাজন ও অসন্তোষকে আরও গভীর করবে? সময়ই এর উত্তর দেবে, তবে ইতোমধ্যেই যে তৃণমূলের আস্থা নড়বড়ে হয়ে গেছে, তা আর অস্বীকার করার উপায় নেই।
তথ্য সূত্রঃ তৃতীয় বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ