রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক অর্ধশতাধিক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ধোলাইখাল, মাতুয়াইল, গাবতলী ও উত্তরায় সংঘর্ষের খবর জানা গেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ অর্ধশতাধিক নেতাকর্মীকেও আটক করেছে পুলিশ।

ধোলাইখাল
ধোলাইখাল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গয়েশ্বর চন্দ্র রায় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে অমিতাভ রায়। তিনি গণমাধ্যমকে বলেন, আমার বাবা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানি না আমরা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জানান, গয়েশ্বর চন্দ্র রায় গুলিবিদ্ধ। এই অবস্থায় তিনি যখন রাস্তায় পড়ে যান তখন পুলিশ রাস্তায় ফেলে তাকে লাঠি দিয়ে ব্যাপক আঘাত করে।

অবশ্য ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

মাতুয়াইল
ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীতে অবস্থান নেওয়ার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাতুয়াইলে সংঘর্ষ চলছে।

উত্তরা
উত্তরায় বিএনএস সেন্টারের সামনে বেলা ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় এবং তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। এতে করে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপিকর্মীরা বলেন, তারা সড়কে অপরাধ করবেন না। সড়কের একপাশে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।

ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, বিএনপি অবস্থান কর্মসূচির পালন করার জন্য অনুমতি নেয়নি। তাদেরকে এখানে অবস্থানের জন্য অনুমতি দেওয়া হবে না। এদিকে এখন বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। বেলা ১১টা ৫০ মিনিটে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিএনএস সেন্টারের এক কর্নারে নিয়ে আসে। এখন তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন।

গাবতলী
পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বেলা ১১টার দিকে গাবতলীতে আমান উল্লাহ আমানের নেতৃত্বে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ। তখন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশের হাতে তুলে দেয় আওয়ামী লীগের কর্মীরা। এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলতে যান আমান উল্লাহ আমান। তখন পুলিশের এক কর্মকর্তা আমানকে নেতাকর্মী নিয়ে সেখান থেকে পাঁচ মিনিটের মধ্যে সরে যেতে বলেন। অবস্থান কর্মসূচির অনুমতি নেই বলে জানান।

এরই এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। তখন আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চারপাশ থেকে বিএনপি নেতাকর্মীদের ঘিরে ফেলে। তখনই দুই দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এরই একপর্যায়ে আমান উল্লাহ আমান অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। প্রায় দু-তিন মিনিট তিনি মাটিতে লুটিয়ে পড়ে ছিলেন। তখন পুলিশ তাকে সেখান থেকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।

নয়াবাজার
রাজধানীর নয়াবাজার এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা নিজেদের পথচারী পরিচয় দিচ্ছেন। আটকদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তাদের একজনের নাম ইসহাক, আরেকজনের নাম ইকবাল। তারা নিজেদেরকে পথচারী পরিচয় দিচ্ছেন। ইকবাল প্রেস ব্যবসায়ী এবং এই ইউ মার্কেটে চাকরি করেন বলে জানিয়েছেন। তবে পুলিশের অভিযোগ, এখানে দুষ্কৃতি করার জন্য একত্রিত হচ্ছিলো তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ