রাজধানীর সবাই ডেঙ্গুর ঝুঁকিতে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর সবাই ডেঙ্গুর ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৫, ২০২৩ ২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৫, ২০২৩ ২:০৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানী ঢাকায় ৪৩ দশমিক ৫৩ শতাংশ বহুতল ভবনে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। এর মধ্যে আবার ঢাকার দুই সিটির ৫৫টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ডেঙ্গু সংক্রমণের প্রি-মনসুন সার্ভের ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জরিপের ফল উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, উন্নয়নমূলক কার্যক্রম, রাস্তা উঁচু হওয়া। এছাড়া ভবনের নিচতলায় কিংবা পার্কিংয়ে জমে থাকা পানির কারণে লার্ভা পাওয়া যাচ্ছে বেশি। অধ্যাপক নাজমুল বলেন, এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি ‘ব্রুটো ইনডেক্স’র মানদণ্ডে লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হওয়া মানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সার্ভেতে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৮টি ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণের হার ঝুঁকিপূর্ণ পর্যায়ে।

ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো- ২, ৩, ৫, ৬, ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৫, ৩৭, ৩৮ নম্বরসহ মোট ২৭টি ওয়ার্ড।

ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো- ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২২, ২৩, ২৬, ৩৩, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫১, ৫৪, ৫৫, ৫৬ নম্বর ওয়ার্ডসহ মোট ২৮টি ওয়ার্ড।

ডা. নাজমুল ইসলাম বলেন, এডিস মশা খুবই কম জায়গার মধ্যে লার্ভা ছড়াচ্ছে। যেমন পার্কিংয়ে কিংবা গেটের নিচে জমে থাকা পানিতে অনেক বেশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ দশমিক ০৪ শতাংশ এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫ দশমিক ৪৭ শতাংশ বাড়িতে ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, আমরা ঢাকা উত্তর সিটির ৪০টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটির ৫৮টি ওয়ার্ডে মোট তিন হাজার ১৪৯টি বাড়িতে সার্ভে করেছি। এর মধ্যে ৫৪৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন ডেঙ্গু রোগী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৮৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৭৮৭ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৪১ জন। ঢাকায় ৫ হাজার ৯৩৬ এবং ঢাকার বাইরে ২ হাজার ২০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ