রাজনীতি করুন, তবে ষড়যন্ত্র করবেন না: বিএনপিকে কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করুন, তবে ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়ালে খবর আছে।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে রমনার আইইবি চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭৫ সালে শেখ হাসিনাকে মারতে পারেনি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তার ছেলে তারেক রহমান।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে বুলেট ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ হাসিনাকে এতিম করেছে, সেই একই বুলেট বেগম জিয়াকে ১৯৮১ সালের ৩০ মে বিধবা করেছে।’
তিনি বলেন, ‘পলাশীর প্রান্তরে বাঙালিকে যে মীরজাফরের দল পরাজিত করেছিল, তেমনই ৭৫-এ জিয়া-মোস্তাকগং পরাজিত করে বাঙালিকে।’
বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, ‘তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে, লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না, বিএনপির আন্দোলনে জনগণ নেই আছে কেবল নেতাকর্মী।’
তিনি আরও বলেন, ‘জনগণ যে আন্দোলনে নেই সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি। বাংলাদেশেও হবে না।’
জনতার আওয়াজ/আ আ