রাজনীতিকে ব্যবসার কেন্দ্র বানানো হয়েছে: ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশে রাজনীতিকে ব্যবসার কেন্দ্র বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শনিবার দুপুরে রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে নগর সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশে রাজনীতিকে ব্যবসার কেন্দ্র বানানো হয়েছে। অতীতের রাজনীতিবিদরা এমন ছিলেন না। অথচ ভারতের অনেক রাজনীতিবিদ দেশপ্রেমিক ও মিতব্যয়ী। বাংলাদেশে যদি ইসলামকে প্রতিষ্ঠা করা যায় তবে এদেশে ৭০ গুন উন্নয়ন হবে। বাংলাদেশে মানুষের খনি হলেও মানবসম্পদকে যথাযথভাবে প্রস্তুত না করার কারণে মানুষরা সম্পদের পরিবর্তে আজ বোঝায় পরিণত হয়েছে।
তিনি বলেন, শিক্ষা ছাড়া ইসলাম চলতে পারে না। পাশ্চাত্যরা জানে জন্ম গুরুত্বপূর্ণ বিষয় নয়, মূল হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা সংস্কৃতি পরিবর্তন করা গেলে সবকিছু পরিবর্তন করা সম্ভব হবে। এজন্য মুসলমানদের বিরোধীরা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। ইসলামের সূচনায় পড়ার কথা বলা হয়েছে।
শিক্ষা সংস্কৃতিতে ইসলাম থাকলে চুরি, ডাকাতি, রাহাজানি, দুর্নীতি, ব্যাংক ডাকাতি ও রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হতো না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী বলেছেন, বাজেটে ৯০% টাকা মূল কাজে পৌঁছে না। সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন, বছরে যে দুর্নীতি হয় তা দিয়ে ২টা পদ্মাসেতু করা যায়। রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে দেশে ৭০ গুন উন্নয়ন হতো। কথায় আছে, যে গাছে চোরের হাত লাগে ঐগাছে ফসল হয়না। ঠিক রাষ্ট্রে চুরির কারণে কোন বরকত ও উন্নয়ন হচ্ছে না। কিন্তু আফগানিস্তানে বিদেশিদের অসহযোগিতার পরেও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। তারা অনেক খনির সন্ধান পেয়েছে।
পূর্বের সভাপতি মুহাম্মাদ ইউসুফ পিয়াসের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির, মহানগর ইসলামী আন্দোলন নেতা এম এম শোয়াইব প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ