রাজশাহীতে ৮ দলের সমাবেশ আজ, ৩ লাখ লোক সমাগমের আশা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশ। এতে আড়াই থেকে তিন লাখ মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, গণভোটসহ পাঁচ দফা দাবিতে আট দলের আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সমাবেশের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্টেজের সামান্য কাজ ছাড়া বাকি সব কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, ‘রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেবেন। আট দলের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা শুনতে বিপুলসংখ্যক মানুষ সমাবেশস্থলে আসবেন। আমাদের ধারণা, আড়াই থেকে তিন লাখ মানুষ উপস্থিত হবেন। মাঠের বাইরে জনস্রোত ফায়ার সার্ভিস মোড়, ঘোষপাড়া মোড় হয়ে পদ্মা নদীর ধারের বড় রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়বে।’
সমাবেশস্থল পরিদর্শনকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, জেলা সেক্রেটারি আবদুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর নগর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, নগর জামায়াতের সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ আট দলের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ