রামিসা হত্যার বিচার দ্রুত করতে ঈদেও আদালত খোলা রাখার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২০, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রামিসা হত্যার বিচার দ্রুত করতে ঈদেও আদালত খোলা রাখার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারপ্রক্রিয়া আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, রামিসা হত্যা মামলায় তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আদালত ঈদের ছুটিতে যাওয়ার কথা থাকলেও বিশেষ এই মামলার বিচার চালিয়ে নিতে সংশ্লিষ্ট আদালত খোলা রাখার বিষয়ে প্রধান বিচারপতির কার্যালয় ও আইন মন্ত্রণালয় কাজ করছে।

রবিবার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার মাত্র সাত ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্তের স্ত্রীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এলে তাকেও গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা, পোস্টমর্টেম রিপোর্ট ও অন্যান্য আলামত সংগ্রহ সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, মামলাটি পরিচালনার জন্য বিশেষ একজন পাবলিক প্রসিকিউটরও নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা চাই দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে। সেই লক্ষ্যেই তদন্ত থেকে শুরু করে চার্জশিট দাখিল পর্যন্ত প্রতিটি ধাপে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচারিক কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। সমাজে অপসংস্কৃতির প্রভাব এবং মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এ ধরনের ভয়াবহ ঘটনা বাড়ছে।

তিনি বলেন, ধর্ষণের মাত্রা ও নৃশংসতা এখন সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে। সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন।

সরকার এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সরকার ইতোমধ্যে একাধিকবার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ