রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মির্জা ফখরুলের নির্বাচনি প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই প্রচারণার যাত্রা শুরু হয়।
প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন- ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৭৮-৭৯ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন। পাশাপাশি ওই বিদ্যালয়ের অন্যান্য সাবেক শিক্ষার্থী এবং বিএনপির নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রচার মিছিলটি রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের চৌরাস্তা হয়ে সত্যপীর ব্রিজ পর্যন্ত অগ্রসর হয়। প্রচার কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
তিনি বলেন, ‘নির্বাচনি আচরণবিধি সম্পর্কে আমরা একজন সুনাগরিক ও একটি রাজনৈতিক দলের যতটুকু সচেতন থাকা প্রয়োজন, ততটুকুই সচেতন রয়েছি। অন্য রাজনৈতিক দলের প্রতিও আমার আহ্বান থাকবে, তারাও যেন আচরণবিধি মেনে চলে। একই সঙ্গে সাধারণ জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে।’
নির্বাচনে কোনো চ্যালেঞ্জ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই নির্বাচনে আমরা কোনো চ্যালেঞ্জ দেখছি না। এক সময় নির্বাচনটাই চ্যালেঞ্জের মুখে পড়েছিল। একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, এখনও করছে। কিন্তু দেশের আপামর জনগণ এই নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং তারা চায় নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হোক।’
প্রশাসনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এই নিরপেক্ষতা বজায় থাকবে। নিরপেক্ষতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
জনতার আওয়াজ/আ আ