র্যাব কার্যালয়ে বৈঠক, ফারদিনের সহপাঠীরা যা বললেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের ‘স্বেচ্ছায় নদীতে ঝাঁপ’ বিষয়ে জানতে র্যাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফারদিনের সহপাঠীরা। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে র্যাব সদর দপ্তরে যান ফারদিনের সহপাঠীরা। সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা বৈঠক করেন।
তিন ঘণ্টা বৈঠকের পর র্যাব কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তারা। র্যাবের ব্যাখ্যা তাদের কাছে যৌক্তিক মনে হয়েছে কিনা- এমন প্রশ্নে তারা জানান, বুয়েটে ফিরে সবার সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন।
বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের পক্ষ থেকে বলা হয়, ফারদিন ডেমরা সেতু থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। তাৎক্ষণিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় ফারদিনের সহপাঠীরা।
তবে ওই কর্মসূচির আগে ডিবি কার্যালয়ে তাদের ডাক পড়ে। ফারদিনের মৃত্যু নিয়ে সবকিছু খোলাখুলি জানানোর প্রস্তাব আসে ডিবির পক্ষ থেকে।
ডিবির তদন্তের বিষয়টি নিশ্চিত হতে বৃহস্পতিবার ডিবি কার্যালয়ে যান বুয়েটের ৪০ জন শিক্ষার্থী। সেখানে প্রায় তিন ঘণ্টা তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তারা। পরে সাংবাদিকদের তারা জানান, ডিবির তদন্তে তারা আশ্বস্ত হয়েছেন। ডিবির কাছ থেকে বিভিন্ন আলামত দেখে এগুলো প্রাসঙ্গিক বলে দাবি করেন শিক্ষার্থীরা।
ডিবির সঙ্গে বৈঠকের পর আজ র্যাব সদর দপ্তরেও শিক্ষার্থীদের ডাকা হয়। শুক্রবার র্যাবের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা জানান, তারা এখানে কিছু বলতে চান না। বুয়েটে গিয়ে সব শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তারা তাদের মতামত গণমাধ্যমে জানাবেন।
এদিকে ফারদিনের ‘আত্মহত্যার’ নিয়ে পুলিশ ও র্যাব যে বক্তব্য দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছেন তার বাবা কাজী নূরউদ্দিন রানা। তার দাবি, ফারদিন আত্মহত্যা করতে পারেন না। আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। তিনি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন।
জনতার আওয়াজ/আ আ