র‍্যাব-পুলিশের টহল বাড়ানোর অনুরোধ পরিবহন নেতাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

র‍্যাব-পুলিশের টহল বাড়ানোর অনুরোধ পরিবহন নেতাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অবরোধে পরিবহন চলাচল সচল রাখার জন্য পুলিশ ও র‍্যাবের টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন পরিবহন নেতারা।

রবিবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিরাপদে চলাচল সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন নেতারা এ অনুরোধ জানান।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, ‘ভয়-ভীতি উপেক্ষা করে সন্ত্রাসের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে পরিবহন চলাচল সচল রাখার জন্য পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’ তিনি রাস্তায় পুলিশ ও র‍্যাবের টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অনুরোধ জানান। তিনি বলেন, ‘নাশকতার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।’

সভায় পরিবহন নেতা ও বিরোধী দলীয় চিপ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা যানবাহন চলাচলে বাংলাদেশ পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পেয়ে আসছি।’ তিনি নাশকতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ও সহিংস অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।’

তিনি দেশে স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণকে নিয়ে জনমত গঠনের জন্য পরিবহন মালিক-শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি অবরোধ চলাকালে মহাসড়কে যানবাহনের নিরাপত্তা দেওয়া হবে বলে উল্লেখ করেন।

পুলিশ প্রধান প্রয়োজনে সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করতে পরিবহন শ্রমিক ও চালকদের প্রতি অনুরোধ জানান।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই মিলে একযোগে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করতে সক্ষম হয়েছি। আগামীতেও আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে আমরা প্রস্তুত।’

এ সময় সভায় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খাঁন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ ও সেক্রেটারি জেনারেল আবু রায়হান উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি কমিশনার এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট রেঞ্জের ডিআইজিরা অনলাইনে যুক্ত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ