লালমনিরহাট-৩নেই প্রার্থীজট, একক প্রার্থী নিয়ে প্রচারণায় সব দল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৩, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লালমনিরহাট-৩নেই প্রার্থীজট, একক প্রার্থী নিয়ে প্রচারণায় সব দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ

 

লালমনিরহাট থেকে
উত্তরের সীমান্তবর্তী সংসদীয় আসন লালমনিরহাট-৩ (সদর)। আসনটি ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। নির্বাচনের খবর শুনে খুশি ভোটাররা। ভোটের আমেজ জমজমাট। ছুটছেন প্রার্থীরা। ঘরে বসে নেই প্রার্থীরা। নেই রাজনৈতিক দলের একের অধিক প্রার্থীও। হাট-বাজারে চায়ের কাপে নির্বাচনী ঝড় উঠেছে। প্রার্থীরা ছুটছে ভোটারের দ্বারে দ্বারে। বিএনপি’র একক প্রার্থী সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জামায়াতের একক প্রার্থী হারুন অর রশিদ। তবে, প্রার্থী পরিবর্তনের তোড়জোড় চলছে। প্রচারণায় জামায়াত ছুটলেও সুবিধায় বিএনপি’র প্রার্থী। নির্বাচনী মাঠে নেই এনসিপি, গণঅধিকার পরিষদসহ অন্য দলগুলো। নির্বাচনী প্রচারণায় চলছে বাড়ি বাড়ি উঠান বৈঠক। ফ্যাসিস্টের সময় ১৭ বছর ভোট দিতে পারেনি ভোটাররা। এবার সংসদ নির্বাচনে ভোট দিবেন বলে আশা ভোটারদের। সদর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯১৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৭০৮ জন। মহিলা ভোটার ১ লাখ ৫২ হাজার ২০৮ জন। এ আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ৫০০ বেশি। এক সময়ে জাপা’র দখলে থাকা আসনটি বর্তমানে বিএনপি’র দখলে। বিএনপিতে শক্তিশালী একক প্রার্থী হিসেবে রয়েছে দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিএনপি’র রাজনীতিতে এ আসনের চিত্র একেবারেই ভিন্ন। দেশের অন্যান্য স্থানের মতো এ আসনে নেই মনোনয়নপ্রত্যাশীদের ছড়াছড়ি। গ্রুপিং-লবিং নেই। যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসাদুল হাবিব দুলুর কমান্ডে চলছেন। শৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে বিএনপি। দলীয় নেতাকর্মীরা সুশৃঙ্খল, এমনকি সাধারণ ভোটাররাও ভরসা পাচ্ছেন আসাদুল হাবিব দুলু’র ওপর। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর জুলুম-নির্যাতনের পরোয়া না করেই বিএনপিকে সংগঠিত করে রেখেছেন তিনি।

তথ্য বলছে, ১৯৯৬ সালে নির্বাচনে জয়লাভ করে চারদলীয় জোট সরকারে ছিলেন উপমন্ত্রী দুুলু। উপমন্ত্রী হয়ে তিনি লালমনিরহাটের যে উন্নয়ন করেছিলেন, ৩০ বছরেও তার সেই অবদান ভুলেনি মানুষ। সাধারণ ভোটারদের মতে, লালমনিরহাট জেলার রূপকার বা আইকন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটের যুবসমাজ তাকে উন্নয়নের ম্যাজিশিয়ান মনে করে। আসাদুল হাবিব দুলুর পিতা ছিলেন শহীদ আবুল কাশেম। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠক। বড়বাড়ীতে তিনি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমি সারা জীবন রাজনীতি করেছি। সুখে-দুঃখে ছিলাম ভোটারের পাশে। তাই ভোটাররা আমাকে ভালোবাসে। নির্বাচনে জয়ী হয়ে উপমন্ত্রী ছিলাম। ওই সময়ে আমার উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।

ওদিকে, জামায়াতে ইসলামী তাদের একক প্রার্থী ঘোষণা দিয়েছে। এ আসনে তাদের মনোনীত প্রার্থী জামায়াত নেতা প্রভাষক মো. হারুন অর রশিদ। জামায়াত প্রার্থী ঘোষণার পর থেকে চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারণা। ভোটারদের মতে, আমরা দ্রুত সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের দিন নিরাপত্তা চাই। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এ আসনে আওয়ামী লীগ কর্মীদের নিয়েও প্রচারণা চালাচ্ছে জামায়াত।

তবে জামায়াতের জেলা সূত্র জানিয়েছে, তাদের প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নাম শোনা যাচ্ছে, সাবেক জেলা আমীর আব্দুল বাতেনের। জামায়াত নেতাকমীরাও পরিবর্তন চাচ্ছেন। জামায়াত মনোনয়নপ্রত্যাশী প্রভাষক হারুন অর রশিদ বলেন, দেশের মানুষ বিএনপি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে চায় না। তারা ভরসা পায় জামায়াতের প্রতি। ওদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সম্ভাব্য প্রার্থী মোকছেদুর রহমান (ভেন্ডার)। তিনিও চালাচ্ছেন প্রচার প্রচারণা। ইশা আন্দোলনের প্রার্থী মোকছেদুর রহমান বলেন, ভোটাররা আল্লাহ’র আইন কায়েম করতে চান। তাই, ইশা আন্দোলনের হাতপাখা মার্কায় ভোট দেবেন। এদিকে, বিএনপি-জামায়াত-ইশা আন্দোলনের তিন সম্ভাব্য প্রার্থীর বাড়ি একই ইউনিয়নে বলে জানা গেছে। এনসিপি’র লালমনিরহাট জেলায় তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকায় নেই কোনো প্রার্থী। মাঠেও প্রচার প্রচারণায় নেই তারা। গণঅধিকার পরিষদেরও একই দশা। তাদের পক্ষেও কেউ মাঠে নেই।

লালমনিরহাট-৩ সদর আসনে ভোটারদের মতে, বিএনপি’র প্রার্থীরা প্রচারণায় সরব। জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার, তাই করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক মো. রকিব হায়দার জানান, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ পেলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ