শহীদ মিনারেও পেশিশক্তি ব্যবহার হচ্ছে : কাজী ফিরোজ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ মিনারেও পেশিশক্তি ব্যবহার হচ্ছে : কাজী ফিরোজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ

 

ভাষাসৈনিকরাই স্বাধীনতা যুদ্ধের বীজ রোপণ করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, ‘যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের বেদিতে কেন আজ হানাহানি। শহীদ মিনারেও পেশিশক্তির ব্যবহার হচ্ছে। শ্রদ্ধা নিবেদনের প্রতিযোগিতাতেও ক্ষমতার অপব্যবহার। এগুলো কিসের আলামত?’

আজ বুধবার রাজধানীর টিকাটুলিতে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার পরের প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে বড় হতে হবে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘দুঃখের বিষয় আজকে কোমলমতি শিশুদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা চলছে। পাঠ্যপুস্তুকে অপ্রয়োজনীয় ও বিতর্কিত বই সরবরাহ করা হচ্ছে। আমরাও তো যুগ যুগ ধরে পড়ে এসেছি, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। হঠাৎ করে কী উদ্দেশ্যে, কারা এই অপকর্মে লিপ্ত হচ্ছেন, এতে কারা জড়িত? এদের কেনো বিচারের আওতায় আনা হলো না?’

ফিরোজ রশিদ বলেন, ‘আজকে অর্থ ছাড়া কিছুই হয় না। মেধা আজ মূল্যহীন। টাকা ছাড়া চাকরি মিলছে না। সভা-সমাবেশ করতে টাকা দিয়ে লোক আনতে হয়, এমনকি মিলাদে অংশগ্রহণ করাতেও টাকা দিয়ে লোক ভাড়া করতে হয়। আমরা যারা ভাষার জন্য সংগ্রাম করেছি, স্বাধীনতার যুদ্ধ করেছি, কোনো কিছুর বিনিময়ে করিনি। এ সংস্কৃতি থেকে বের হতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দিতে হবে, সৎ মানুষ হওয়ার অনুপ্রেরণা দিতে হবে।’

স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর লাভলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিতলী বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শাহীন আরা নাসরিন, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য আবু নাসের সিদ্দিক, হাজি ফারুক, মনির হোসেন শাহীন, সাগুপ্তা সুলতানা, প্রকাশ কুমার সরকারসহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ