শেখ মুজিবের বাকশালকেও হার মানিয়েছে হাসিনার বাকশাল : মান্না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ মুজিবের বাকশালকেও হার মানিয়েছে হাসিনার বাকশাল : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ব‌লে‌ছেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে মাত্র চারটা পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিল। শেখ মুজিবের বাকশালকেও হার মানিয়েছে হাসিনার বাকশাল। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে আরেকটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বেড়ে যাবে। সময় এখনই লড়াই করবার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।

বৃহস্প‌তিবার (০২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির (বিসিআরএস) উদ্যোগে দৈনিক দিনকালসহ বন্ধ সকল মিডিয়া খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

মান্না ব‌লেন, বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরা মিথ্যুক গায়ের জোরে ক্ষমতায় থাকলে মিথ্যা বলা ছাড়া আর উপায় কি। এই সরকার দিনকালকে বন্ধ করে দেবে এটা তো খুবই স্বাভাবিক। হাসিনা বলে, আমি কারচুপির নির্বাচন করে ক্ষমতায় আসতে চাই না। এই ৪২০ সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। এরা মিথ্যুক, এরা ভন্ড, এরা প্রতারক, এরা সারাদেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এখনই সময় এসেছে রাজপথে আসুন। সব দলকে এক দাবিতে এক সময় আন্দোলন করতে হবে।

তি‌নি ব‌লেন, যতই তালি-বালি করেন ক্ষমতায় থেকে নির্বাচন দেবেন সেটা হবে না। পুলিশ চামচাদের সহযোগিতা নিয়ে দেশ চালাচ্ছে সেই দেশ কিরকম চলতে পারে। নির্বাচনের নামে আর একটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বেড়ে যাবে। সময় এখনই লড়াই করবার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।

জাতীয় প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি শওকত মাহমুদ বলেন, বাংলাদেশে নাযিল হয়েছে ফেরাউনের মানুষ কন্যা। দেশের জনগণ যাতে কোন সত্যের সন্ধান না পায় এজন্য সংবাদপত্র বন্ধ করে দেয়। এই ফেরাউনের মানুষ কন্যার জন্যই দেশে যত সমস্যা। জিয়া পরিবার এবং শেখ পরিবারের মধ্যে পার্থক্য হলো- জিয়া পরিবার সংবাদপত্রের স্বাধীনতা দেয় আর শেখ পরিবার বন্ধ করে দেয়। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, বাংলাদেশের সংবাদপত্র বন্ধ করে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংবাদপত্রের বিরোধী আইন চালু রেখে যদি নির্বাচন করতে চান তাহলে সেই নির্বাচন দেশের মাটিতে হতে দেবে না। আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাই, মানুষের অধিকার চাই, গণতন্ত্রের স্বাধীনতা চাই। আসুন আমরা এই সরকারের বিরুদ্ধে ইমানী আন্দোলন গঠন করে স্বৈরাচারের পরিবর্তন ঘটাই। এই ফেরাউনের মানুষ কন্যার কাছে কোন দাবি করে লাভ হবে না। দাবি আদায় করে নিতে হবে।

গণ অধিকার প‌রিষ‌দের সদস‌্য স‌চিব নুরুল হক নূর বলেন, যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত কোন দাবি আদায় হবে না। এই সরকার একের পর এক যে গণবিরোধী, মানবতা বিরোধী কাজ-কর্ম করছে তাতে দেশ ছেড়ে পালানো ছাড়া কোন উপায় নেই। পিতার মতো কার্যক্রম অনুসরণ করে মাত্র কয়েকটি পত্রিকা রেখে আর সব বন্ধ করে দিয়েছে। যে সমস্ত পুলিশ সরকারের দালালি করছেন তাদেরকে আমরা দেখে নেব কে কে এই ফ্যাসিবাদের দালাল ছিল।

তিনি বলেন, গত ১৫ দিন আন্দোলন করলে শেখ হাসিনার খবর থাকতো না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন ঘটাবই। এই সরকার ১৮ সালে ভোট ডাকাতি করে গণতন্ত্রের গায়ে কালি লাগিয়েছে। এই সরকারের আমলে দেশের জনগণ কেউ নিরাপদ নয়। আসুন এখনো সময় আছে শেখ হাসিনার বাকশালী কায়দাকে প্রতিহত করে গণতন্ত্র উদ্ধার করি। এখন আমাদের কাজ এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য জনগণকে একত্র করা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ