শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি, জানালেন জয় - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি, জানালেন জয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার (৫ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, হাসিনা যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেবেন।

তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি। এছাড়া হাসিনা আর রাজনীতি করবেন না বলে আবারও জানিয়েছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কোথাও আশ্রয় চাননি’ বলে তার ছেলে আজ এনডিটিভিকে স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেছেন, ৭৬ বছর বয়সী হাসিনা যেভাবেই হোক অবসর নেওয়ার কথা ভাবছেন এবং এখন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন ও নিজের পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের ‘নীরবতা’ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাসিনার ভিসা বাতিল নিয়ে একাধিক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সজীব ওয়াজেদ বলেন, ‘তার (হাসিনার) আশ্রয় চাওয়ার প্রতিবেদনগুলো ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই (তার আশ্রয়ের বিষয়ে) যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের এখনও সাড়া না দেওয়ার প্রশ্নটি সত্য নয়।’

তিনি আরও বলেন, তাদের পরিবার এখন একসাথে সময় কাটানোর পরিকল্পনা করছে – তবে সেটা কোথায় এবং কীভাবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তার ভাষায়, ‘আমি ওয়াশিংটনে আছি, আমার খালা লন্ডনে, আমার বোন দিল্লিতে থাকে, তাই আমরা জানি না, তিনি হয়তো এই জায়গাগুলোর মধ্যে ভ্রমণ করতে পারেন।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এদিন বেলা আড়াইটার দিকে থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতে যায়। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ