শেখ হাসিনা গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, আপনার লোকদের পকেট ভারি করতে সুখে শান্তিতে রাখতে গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। কবরস্থানের দিকে ঠেলে দিয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর খিলগাও তালতলা ভূতের আড্ডা রেস্টুরেন্টের পাশে রামপুরা থানার ২৩ নং ওয়ার্ড এর উদ্যোগে সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, এই দেশে নাকি অনেক উন্নয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা এই কথা বলতে বলতে তাদের গলার মধ্যে আলসার হয়ে গেছে। যদি সত্যিকারের উন্নয়ন হয় সেই উন্নয়ন তো হবে মানুষকে কেন্দ্র করে, দেশের মানুষের জন্য। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন নয়, বিদেশে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হোম বানানোর উন্নয়ন নয়। যে উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। যে উন্নয়নের ছবি দেখিয়ে তারা কানাডা-আমেরিকা বাড়ি বানিয়েছে। সেই উন্নয়ন তো জনগণ দেখতে চাইনি। জনগণ বুক ভরে একটু শ্বাস নিতে চায়। নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে থাকতে চায়। বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়। কিন্তু আপনি শেখ হাসিনা এটা দেননি। আপনি জনগণের নিশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি তথাকথিত উন্নয়নের নামে বিষাক্ত গ্যাস চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা দেশের সব গাছপালা কেটে উজাড় করেছে। হ্রদ শুকিয়ে গেছে, নদ-নদী, খাল-বিল দখল করে ভরাট করেছে। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাড়িতে যেতে হ্রদের মধ্য দিয়ে রাস্তা তৈরি করেছে তাহলে হ্রদ শুকিয়ে যাবেনা কেন, তাহলে বৃষ্টি হবে কেন? গাছের পাতা থাকবে কেন? থাকবে না। দেশের সমস্ত বিশেষজ্ঞরা বলেছেন কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন কইরেন না। আপনি শেখ হাসিনা কারো কথা শুনেননি কারণ আপনার লোকদের টাকা চাই। আপনার লোকদের পকেট ভারি করতে সুখে শান্তিতে রাখতে গোটা দেশের মানুষের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। কবরস্থানের দিকে ঠেলে দিয়েছেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, এই তীব্র গরমের মধ্যে ১৭ জন মানুষ মারা গেছে। এই প্রচন্ড গরমের কারণে স্কুলের ছাত্র শিক্ষক মাদ্রাসার শিক্ষক মারা গেছেন। আপনি শেখ হাসিনা মানুষের চেয়ে আরাম আয়েস অর্থাৎ প্রকৃতির যে অবদান সেই অবদানকে ধ্বংস করেছেন।
তিনি বলেন, পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান গতকাল (২৮ এপ্রিল) রাজার বাগ পুলিশ লাইন্সের পুলিশদের উদ্দেশ্যে বলেছেন, ২৮ অক্টোবর সমাবেশকে প্রতিহত করে আপনারা গণতন্ত্র রক্ষা করেছেন। দেখুন ১০-১৫ লক্ষ মানুষের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে তারা বলে গণতন্ত্র রক্ষা করেছে। গাজীপুরের আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর যিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে মধ্য দিয়ে একটি ডামি নির্বাচনের মাধ্যমে সাবেক মেয়র। তিনি তার সন্ত্রাসী দল নিয়ে আমাদের সমাবেশের মধ্য দিয়ে গিয়েছে আর পুলিশ সেটা অনুমতি দিয়েছে। তার মানে কি পায়ে পাড়া দিয়ে উস্কানি দিয়েছে। এরপরে একটা ছুতা পেয়ে এত বড় একটা শান্তি সমাবেশকে পুলিশ পন্ড করে দিয়েছে। সেখানে একজন সাংবাদিকসহ যুবদল নেতা শামীমকে হত্যা করা হয়েছে। আর এটা তিনি গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে বলে বলছেন। এই কথাগুলো হিটলার-মুসোলিনির পুলিশরা বলতো।
তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ-পুলিশ একাকার। ছাত্রলীগ-যুবলীগ যা করছে পুলিশও তাই করছে। শেখ হাসিনা এইভাবে পুলিশ বাহিনী গড়ে তুলছে বলেই তারা শান্তিপূর্ণ সমাবেশে তাণ্ডব চালিয়েছে, হত্যা করেছে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এদেশের গণতন্ত্রকে আগেই হত্যা করেছে এখন সেটা টুকরো টুকরো করছে। শেখ হাসিনার সাজানো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে। সেটা এখন তার (শেখ হাসিনা) পুলিশ বাহিনীর কর্মকর্তারা অবলীলায় বলে যাচ্ছে।
সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এখন একটু ভালোর পথে আসুন। মিথ্যার বিরুদ্ধে দাড়ান। বেনজির আহমেদ আপনার মত তার পুলিশ বাহিনীকে বলেছিলেন বন্দুক দেয়া হয়েছে কি কারনে, গুলি দেয়া হয়েছে গুলি করার জন্য। আজ আমরা তার নিদর্শন কি পাচ্ছি। কোটি কোটি টাকা সম্পদ করেছেন এই বেনজীর আহমেদ। আসাদুজ্জামান সাহেব আপনিও কিন্তু এই কথা বলে পার পাবেন না। কোথাও কোনো খটকা হলে এই সরকারই কিন্তু আপনাকে ছাড়বে না। আপনাকে ঘাতক হিসাবে দুর্নীতিবিদ হিসাবে ধরে নিয়ে যাবে। এত উল্লাস কইরেন না।
রামপুরা ২৩ নং ওয়ার্ড এর সভাপতি মোঃ তৌহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহবায়ক শামসুল হক, রামপুরা থানার যুগ্ন আহবায়ক ও ২২, ২৩, ৩৬নং কাউন্সিলর নিলুফার ইয়াসমিন নিলু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ