সরকার গণতন্ত্রের নামে বিষাক্ত কেমিক্যাল ছড়াচ্ছে : কামরুজ্জামান রতন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার গণতন্ত্রের নামে বিষাক্ত কেমিক্যাল ছড়াচ্ছে : কামরুজ্জামান রতন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, সরকার আজ দেশের গণতন্ত্র নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে। গণতন্ত্রের নামে সরকার যে বিষাক্ত কেমিক্যাল ছড়াচ্ছে তা দেশের সবকিছু নষ্ট করছে, দেশের ভবিষ্যৎকে নষ্ট করছে।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা সাধারণ পাঠাগার মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদল ও ঠাকুরগাঁও পৌর যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুজ্জামান রতন বলেন, আমাদের এই বাংলাদেশে মানুষকে ভোটের জন্য, অধিকার আদায়ের জন্য রাস্তায় গুলি খেয়ে মরতে হয়। এর থেকে জঘন্য পরিবেশ আর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নামে হতে পারে না। বর্তমান সরকার গণতন্ত্রের নামে আলোকিত এ রাষ্ট্রটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে।

পার্লামেন্টকে সার্কাসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, বর্তমানে আমাদের সার্কাস মার্কা পার্লামেন্ট চলছে আর এখানে সব সার্কাস মার্কা মন্ত্রী নেতারা রয়েছে। যেখানে দেশের মানুষের মৌলিক চাহিদাগুলোই আজকে খর্ব হচ্ছে, সাধারণ মানুষের বেঁচে থাকার রসদ হারিয়ে যাচ্ছে। সেখানে এসব কিছুই আর পার্লামেন্টে আলোচনা হয় না। এখানে শুধুই সরকারের মিথ্যে উন্নয়নের কথাই আওড়ানো হয়।

তিনি আরও বলেন, আমরা মুক্তিকামী বাঙালি। ’৭১-এর স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা মুক্তির জন্য মরিয়া ছিলাম এবং আমরা আমাদের মুক্তি ও স্বাধীনতা ছিনিয়ে এনেছি, আবারও তাই ঘটতে চলেছে। মুক্তিপাগল বাঙালিকে কখনোই দমায়ে রাখা যাবে না। কারণ শাসকগোষ্ঠী আহাম্মকেরা জানে না যে জাতি মুক্তিপাগল তাদের বেশিদিন আটকে রাখা যায় না। সময় হয়েছে বাঙালির জেগে ওঠার।

পৌর যুবদলের আহ্বায়ক আহমদ উল্লাহ বাবুর সভাপতিত্বে যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাঈদ সোহরাব, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য সচিব মির্জা ফয়সাল আমিন, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ