সরকার জানে না কী করবে, গোঙানি ছাড়া কিছুই শোনা যায় না: আলাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার জানে না কী করবে, গোঙানি ছাড়া কিছুই শোনা যায় না: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানে ১৬৮ জন শিশু নিহত হয়েছে। এই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, তাদেরকে তারেক রহমান ছাড়া বেশি খোঁজখবর কেউ নিয়েছে বা সরকারের তৎপরতা রয়েছে, তা দেখা যাচ্ছে না। তারপরও মনে হয়, এ সরকারকে বোবা ভূতে ধরেছে। বোবা ভূতে ধরলে অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু করতে পারে না। পাশে যে শুয়ে থাকে, সে শুধু গোঙানির শব্দ পায়। আমরা এ সরকারের কাছ থেকে গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। এ সরকার নিজেরা কী করবে, তা জানে না।

রবিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, যতগুলো সংস্কার কমিশন হয়েছে, তারা কেউ পর্যন্ত কোনো রূপরেখা দিতে পারে নাই। দশ মাস হয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হতে লেগেছিল নয় মাস। আর স্বাধীন দেশের একটা রূপরেখা দশ মাসেও দিতে পারছে না।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ করতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমান সে প্রতিহিংসার শিকার এখন হচ্ছে। একজন শীর্ষ সন্ত্রাসী কর্তৃক তারেক রহমানের জীবন হানির ছক আঁকা হয়েছিল। সে শীর্ষ সন্ত্রাসী এখন জেলে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা বারবার বলেছি—দেশ পরিচালনা করা আর এনজিও চালানো এক কথা নয়। সারা বিশ্বের প্রশংসা পাওয়া আর বাংলাদেশের মানুষের প্রশংসা পাওয়া এক না। মাত্র আসলেন, আবার যাবেন ব্রিটেনে পুরস্কার আনতে। একটার পর একটা পুরস্কার আনছেন। শেখ হাসিনাকে একসময় দেখেছিলাম, তার স্বামীর সাথে পাল্লা দিয়ে বিদেশ থেকে অনেক ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন। এই ডিগ্রি ধুইয়ে কি আমরা পানি খাব? দ্রব্যমূল্যের দাম কমাতে পেরেছেন? আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন? মুক্তিযুদ্ধের যে মূল চেতনা—সাম্য, মানবিক, সামাজিক মর্যাদা, ন্যায়বিচার—এর জন্যে কোনো কর্মসূচি কি এখনো দিয়েছেন? অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী আচরণের মধ্যে থাকেন, স্থায়ী কোনো আচরণের মধ্যে যাওয়ার এখতিয়ার আপনাদের নেই। এটা মাথায় রেখে মানুষের যে প্রত্যাশা, একাত্তরের যে চেতনা এবং ৭১ থেকে আজ পর্যন্ত যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, সেটার প্রতি সম্মান প্রদর্শন করুন। শহীদ জিয়ার সৈনিকরা আন্দোলন করেছে—তাদের প্রতি সম্মান দেওয়ার চেষ্টা করুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ