সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই অবস্থান করবে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই অবস্থান করবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ

 

আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই অবস্থান করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল- কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়িতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এস এম জিলানীকে না পেয়ে তার বয়োবৃদ্ধ পিতা এবং নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণসহ নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ রবিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতনের নির্দয় ও অমানবিক খেলা যেন থামছেই না। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে এবং দেশব্যাপী ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে রাখাটাই এখন আওয়ামী সরকারের মূল লক্ষ্যে পরিণত হয়েছে।

তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের মোটেই কোনো গণভিত্তি নেই, আর এজন্য সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে, তাকে বাসায় না পেয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বিএনপিকে দুর্বল করার জন্য নেতাকর্মীদেরকে নানাবিধ উপায়ে হয়রানি করা হচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ, বেপরোয়া ও মানবিকবোধশূন্য হয়ে পড়েছে। আর তাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই অবস্থান করবে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অমানবিক আচরণ বন্ধের আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ