সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে : ডা. ইরান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমান সরকারের বিরুদ্ধে আজ ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকরা জেগে উঠেছে। সারাদেশের মানুষ ফুঁসে উঠেছে এই সরকারের পদত্যাগের জন্য। জনমুক্তির জন্য এই অবস্থার অবসান ঘটাতেই হবে।’
বুধবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টন কস্তুরী চত্বরে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে যুগপৎ ধারায় একদফা দাবির পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. ইরান বলেন, ‘সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলন সফল করতে হবে। এজন্য চলমান আন্দোলন সংগ্রামে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। নির্দলীয় সরকার ছাড়া কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জাতির কোনো মুক্তি হবে না। ইতোপূর্বে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি। ২০১৪ ও ২০১৮ সালের মাতো আগামীতেও আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র ও সুস্থধারার রাজনীতিতে বিশ্বাস করে না। তারা ফ্যাসিবাদী কায়দায় জোর জবরদস্তির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেয়। তার প্রমাণ দেশের বিভিন্ন স্থানে একদফা দাবিতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর রক্তাক্ত ও সশস্ত্র আক্রমণ করে দু’জনকে হত্যা করেছে, হাজার হাজার নেতাকর্মী হামলা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আসলে তারা হত্যা, খুন, গুম ও মানুষের রক্ত ঝরাতে পছন্দ করে। এখন দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলছেন। তাই এবার যেনতেন নির্বাচন করে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। তাদের পতন খুবই সন্নিকটে।’
ঢাকা উত্তরের সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থ-সম্পাদক রাসেল সিকদার লিটন, প্রচার সম্পাদক মনির হোসেন, মহিলা-বিষয়ক সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সম্পাদক রুম্মান সিকদার, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন, সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম।
পদযাত্রাটি পল্টন মোড়, বিজয়নগর, প্রেসক্লাব, দৈনিক বাংলা, পানির ট্যাংকি হয়ে ফকিরাপুল গিয়ে কর্মসূচি শেষ করে।
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ