সিইসিকে সরে দাঁড়ানোর পরামর্শ গণতন্ত্র মঞ্চের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিইসিকে সরে দাঁড়ানোর পরামর্শ গণতন্ত্র মঞ্চের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
একতরফা নির্বাচন পরিচালনা করতে চাপাচাপি করলে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচনী খেলায় জনগণের কোনো উৎসাহ নেই। রাষ্ট্রীয় অর্থ অপচয় করে নির্বাচনের নামে তামাশা এবার আর জনগণ মেনে নেবে না।

সোমবার (২৭ নভেম্বর) অবরোধ সফলে পুরানা পল্টন রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল প্রমুখ। এছাড়া মিছিলে অংশ নেয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সমাবেশে নেতারা বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে আবারও একটা একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ প্রায় সব বিরোধী দলকে হামলা, মামলা ও গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ রেখে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।

জনগণ এই নির্বাচনে ভোট দিতে যাবে না, ভোট প্রত্যাখ্যান করে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে বলে উল্লেখ করে মঞ্চের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ