সিলেটে তিন দফা বাধা পেরিয়ে অবশেষে নির্বিঘ্নে সিলেট বইমেলা শুরু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে তিন দফা বাধা পেরিয়ে অবশেষে নির্বিঘ্নে সিলেট বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রবিবার (১০ মে) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারের মুক্তমঞ্চে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমির জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং প্রবাসী শিল্পানুরাগী সৈয়দ জবেদ আহমেদ।

প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি ও ঘাস প্রকাশনের স্বত্বাধিকারী নাজমুল হক নাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরী প্রকাশনের স্বত্বাধিকারী সুফি সুফিয়ান। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের প্রকাশক পরিষদের সদস্য ও চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী ফুল দিয়ে বরণ করে নেন।

প্রসঙ্গত, সিলেটে প্রকাশকদের উদ্যোগে বইমেলার এ আয়োজনটি গত ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে সেই অনুমতি বাতিল করে। পুলিশ প্রশাসন থেকে একটি মহল থেকে মেলায় মব সৃষ্টির তৎপরতার বিষয়টি আয়োজকদের জানানো হয়েছিল।

এর আগে বিগত অন্তর্বর্তী সরকার আমলে গত বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি বইমেলার আয়োজন করতে গিয়ে অনুরূপভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তুলে ধরে মেলা বাতিল করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও একইভাবে বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশকসহ লেখকরাও উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে বইমেলার অনুমতি দেয় পুলিশ প্রশাসন।

আয়োজকরা তখন সিলেট সিটি করপোরেশন, জেলা পরিষদ ও সিলেট মেট্রোপলিটন পুলিশকে (এসএমপি) মেলার সহযোগী হিসেবে গ্রহণ করেন।

দুই বছরে দুই দফা আয়োজন বাধাগ্রস্ত হওয়ার পর তৃতীয় দফায় বইমেলা শুরু নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলা নিয়ে বিগত সময়ের বাধার বিষয়টিও বক্তাদের আলোচনায় উঠে আসে।

প্রধান অতিথি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বইবিমুখ প্রজন্মকে বইমুখী করতে বইমেলার বিকল্প নেই। বর্তমান সরকার এ ক্ষেত্রে খুবই আন্তরিক। সিলেট অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি এক গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে। তিনি এ ধরনের বইমেলায় প্রতি বছর সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতা ও সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রকাশক পরিষদের বইমেলার সাফল্য কামনা করেন।

জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শিল্প-সাহিত্য তার গতিতে চলবে। এটিকে রাজনীতিকরণ যেন না করা হয়। সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো বলেন, বইমেলার মতো আয়োজনকে বারবার অপশক্তি রুখে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। বইমেলায় তিনি সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি ও ঘাস প্রকাশনের স্বত্বাধিকারী নাজমুল হক নাজু বলেন, বইমেলাকে ঘিরে গত দুই বছর যা হয়েছে, তা আমরা ভুলে গেছি এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা এখন বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবছি। বইমেলার মতো সৃজনশীল আয়োজন যাতে টিকে থাকে এবং প্রতি বছর এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি ‘মব সৃষ্টি করে’ বইমেলা বাতিল করার ক্ষেত্রে যারা পুলিশ প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন, তাদের ধন্যবাদ দিয়ে বইমেলায় আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিরোধিতা করে বরং দেশে ও বিদেশে সিলেট বইমেলার প্রচার হয়েছে। আমরা প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও বইমেলা করছি, কেবল আয়োজনের ধারা যাতে রক্ষা পায়।

প্রকাশক পরিষদ থেকে জানানো হয়, পরিষদের সদস্যভুক্ত ১৭টি প্রকাশনী সংস্থা বইমেলায় স্টল নিয়ে অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে কেবল স্টল প্রদর্শন করা হয়। দ্বিতীয় দিন সোমবার থেকে বইমেলার সঙ্গে সাংস্কৃতিক আয়োজন থাকবে। শহিদ মিনার মুক্তমঞ্চে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলাকালীন নতুন বইয়ের প্রকাশনা উৎসব, নাটক মঞ্চায়নসহ সাংস্কৃতিক আয়োজন চলবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ