সোনারগাঁয়ে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান ঘটনাট নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে। নিহত অটোরিকশাচালক রজ্জব আলী (লজ্জা) (৫০) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।
নিহতের ছেলে সানাউল্লাহ জানান, সোমবার সকালে ৮ টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়।পরে দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে রাস্তা পাশে ফেলে গেছে। খবর শোনেই আমি থানায় আসি।
সোনারগাঁ থানার এসআই রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান ,আমার একটি ছেলে দুইটি মেয়ে। আমার স্বামী খুবই সহজ সরল মানুষ। অটোরিকশা চালিয়ে তিনি আমাদের পুরো পরিবারের ভরনপোষণ করেন। আমি এ হত্যার বিচার চাই।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো: মহসীন বলেন, নিহতের গলায় চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ছিনতাইকারীরা যাত্রী বেশে ওঠে পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনার তদন্তে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনতার আওয়াজ/আ আ