স্বাধীনতার ৫২ বছরেও দেশের গণতন্ত্র মৃত: ড. মঈন খান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতার ৫২ বছরেও দেশের গণতন্ত্র মৃত: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মূল আদর্শ গণতন্ত্র। কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীনের ৫২ বছরেও দেশের গণতন্ত্র মৃত।

আজ সোমবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে যান মঈন খান। সারাদেশে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ১৯৭৯ সালের ১লা জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আবদুল মঈন খান বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান। আজকেও তারা অলিখিত বাকশাল কায়েম করেছে।

তিনি বলেন, নিউইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘টাইম‘ বলছে- বাংলাদেশে এখন যা চলছে সেটা বাকশাল-২। আজকে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জেগে উঠেছে।

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন- জনগণই সকল ক্ষমতার উৎস। সেজন্যই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করছে। আমরা গ্রেনেডের শক্তিতে শক্তিশালী নয়, আমরা জনগণের শক্তিতে শক্তিশালী। ইনশাআল্লাহ, আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।

শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, শেখ আল ফয়সাল, সাইফুজ্জামান, নিজাম উদ্দিন রিপন, করিম প্রধান রনি, এবিএম মাহমুদ সরদার, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী রাহুল, এইচএম জাফর, আকন মামুন, জুয়েল মৃধা, নাজমুল হক, মাহমুদুল হাসান আল মারজান, কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, মেহেদী হাসান, শ্যামলী আক্তার, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রুবেল, সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ সম্পাদক নওরিন, রাজেস, সদস্য কাজী আজহার উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ