স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির জেলগেটে আবারও আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
জামিনের পরও মুক্তি হয়নি ঢাকা মহানগর উত্তর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের। আবারও জেলগেট থেকে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে তিনবার জেলগেট থেকে তাকে আটক করা হলো।
মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বলেন, গত ৮ ডিসেম্বর মুসাব্বিরকে আটক করে পাঁচদিন নিখোঁজ রাখা হয়। পরে আদালতে হাজির করে পুলিশ। প্রায় দেড় মাস পর তিনি সব মামলায় জামিন পান। পরে গত ২ ফেব্রুয়ারি জেলগেট থেকে মতিঝিল থানায় একটি পুরোনো মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে পুলিশ আটক করে। এরপর উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পাওয়ার পর গত ১১ এপ্রিল জেলগেট থেকে তাকে আবারও শেরেবাংলা নগর থানায় একটি পুরোনো মামলায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
তিনি জানান, রোববার সেই মামলা থেকেও জামিন পান মুসাব্বির। আজ সোমবার মুক্তি পাওয়ার সময়ে জেলগেট থেকে তাকে ফের আটক করা হয়। মুক্তি পাওয়ার পরও তার মুক্তি মিলছে না।
মুসাব্বিরের স্ত্রী বলছেন, মুসাব্বিরের অনুপস্থিতি এবং তাকে বারবার হয়রানি করায় তার শিশু সন্তানসহ পরিবারের সব সদস্যরা ভেঙে পড়ছেন।
মুসাব্বিরের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমি জানান, সব মামলায় মুসাব্বিরের জামিন হওয়ায় তার মুক্তিতে কোনো বাধা ছিল না। কিন্তু যেভাবে একের পর এক পুরোনো মামলায় সন্দেহজনকভাবে জেলগেট থেকে তাকে আটক করা হচ্ছে, তাতে মুসাব্বিরের আইনের অধিকার, মানবাধিকার খর্ব হচ্ছে। ঈদের ছুটি, ভ্যাকেশন, মে দিবস উপলক্ষে উচ্চ আদালত বন্ধ থাকায় নো অ্যারেস্ট, নো হ্যারেস আদেশ তাদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। তবে তারা এবার আস্থাশীল ছিলেন। কিন্তু এবারও আইনের ব্যত্যয় ঘটিয়ে মুসাব্বিরের মুক্তির পথে বাধা দেওয়া হলো।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান কালবেলাকে বলেন, ‘এই সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী কোনো আইনের তোয়াক্কা না করে, নিয়মের তোয়াক্কা না করে, মানবাধিকার রক্ষা না করে মুসাব্বিরের ওপর নির্যাতন করছে। এই অত্যাচারের শেষ হবেই ইনশাআল্লাহ।’
জনতার আওয়াজ/আ আ