হাত কেটে নেয়া ও গুলি করার হুমকিদাতা নেতার বিরুদ্ধে মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাত কেটে নেয়া ও গুলি করার হুমকিদাতা নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৩:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৩:০০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
মানিকগঞ্জ-২ আসনে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেয়া ও গুলি করার হুমকিদাতা সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী ইস্কান্দারের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাদী হয়ে সিংগাইর থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি মো. জিয়ারুল ইসলাম নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। এর আগে গত মঙ্গলবার বিকালে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মী শাহানুর ইসলাম, আবদুর রাজ্জাক ও মিনহাজ প্রচার চালাতে গেলে হুমকি দেন নৌকার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার। এ সময় উচ্চস্বরে আসামি আলী ইস্কান্দার বলেন, এবার আমার দেখার আছে, আমি তো ভেতরে থাকবো, নৌকায় কে ভোট না দেয়, আমি তার হাত কাইট্যা ফেলামু, সরকার আমার, পাওয়ার আমার, এমপি আমার, ট্রাকের চাকায় ফালাইয়া দিমুসহ বিভিন্ন ভয়ভীতি ও উস্কানিমূলক কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয় বলে বাদী তার এজাহারে উল্লেখ করেন। এ ঘটনার প্রতিবাদে এর আগে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সংবাদ সম্মেলনে টুলু বলেন, মঙ্গলবার দুপুরে ইরতা গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইতে গেলে আমার কর্মী আব্দুর রাজ্জাকের হাত কেটে নেয়াসহ হত্যার হুমকি দেন আলী ইস্কান্দার। এ ছাড়াও গত কয়েকদিনে মমতাজ বেগমের সমর্থকরা ট্রাক প্রতীকের কর্মীদের মারধরসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এদিকে, ওইদিন বিকালেই ইরতা গ্রামে ওঠান বৈঠকে মমতাজ বেগমের পাশেই ওই হুমকিদাতা আলী ইস্কান্দারকে দেখা গেছে। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

রাতেই আলী ইস্কান্দারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এ বিষয়ে এমপি মমতাজ বেগম বলেন, বিষয়টি একতরফা নয়। তারা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তবে আমি এমনটা পছন্দ করি না! তবে কেউ যদি হুমকি-ধমকি দিয়ে থাকেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় আমি এবং দল নেবে না।
অভিযুক্ত ইস্কান্দার আলী বলেন, বিষয়টি আসলে হুমকি নয়। তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন; তাই রাগ করেছি। টুলুর লোকজন চুরি করে ভিডিওটি করেছে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ