হাসপাতালের সামনে বিএনপি নেতা-কর্মীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা জানতে প্রতিদিন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ হাসপাতালে ছুটে আসছেন। দলের কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় কমছে না।
শনিবার (২৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এ সমাগম তৈরি হয়েছে। তবে এই ভিড়ের কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশনেত্রীসহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে কারণে নেতা-কর্মীদের ভিড় না করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।’

তবে দলীয় এ আহ্বানের পরও এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীদের উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে। এতে হাসপাতাল এলাকার আশপাশে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ভিড়ের চাপে সংবাদ সংগ্রহে আসা গণমাধ্যম কর্মীরাও পড়ছেন নানা বিড়ম্বনায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণে থাকলেও জনসমাগম কমছে না বলে জানা গেছে।
জনতার আওয়াজ/আ আ