১২ জুন সারাদেশে বিক্ষোভ : বাধা ও ধাক্কাধাক্কিতে শেষ হলো গণতন্ত্র মঞ্চের রোড - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২ জুন সারাদেশে বিক্ষোভ : বাধা ও ধাক্কাধাক্কিতে শেষ হলো গণতন্ত্র মঞ্চের রোড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি

বুধবার (০৭ জুন) বিকালে রংপুর প্রেসক্লাবের সামনের সড়কে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে রোডমার্চ সমাপ্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে বিভিন্ন জেলায় রোডমার্চে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ১২ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। পাশাপাশি আগামী ১০ জুন ঢাকায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মঞ্চের নেতারা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ঢাকা থেকে দিনাজপুর হয়ে রংপুর পর্যন্ত রোডমার্চ করেছি আমরা। বুধবার বিকাল ৪টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনের সড়কে মঞ্চ বানিয়ে সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় পুলিশ এসে মঞ্চ সরিয়ে নিতে বলে। এ নিয়ে মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মঞ্চ সরিয়ে নেওয়া হয়।’

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জোনায়েদ সাকির নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাবের সামনে আসে। পরে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে দেন। একইসঙ্গে প্রেসক্লাব থেকে জাহাজ কোম্পানি এলাকা পর্যন্ত সড়ক বন্ধ করে সমাবেশের প্রস্তুতি নেন। এতে যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশ এসে নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বলে। এ নিয়ে মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মঞ্চের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, ‘সমাবেশে বাধা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় গণতন্ত্র মঞ্চের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।’

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ‘সভা-সমাবেশে বাধা দিয়ে আমাদের প্রতিরোধ করা যাবে না। সভা-সমাবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে পুলিশকে ন্যক্কারজনকভাবে ব্যবহার করছে সরকার। তাদের বাধায় আমরা সমাবেশ করতে পারিনি।’

সরকার বিদ্যুৎ নিয়ে জনগণকে নাকানিচুবানি খাওয়াচ্ছে উল্লেখ করে জোনায়েদ সাকি আরও বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে মানুষের নাভিশ্বাস উঠেছে। অনেক বড় বড় কথা বলেছে সরকার। অথচ বিদ্যুতের কারখানা আছে, কিন্তু উৎপাদনের জ্বালানি নেই। কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করায় আজ দেশে ডলার সংকট। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও সরকার কমাতে পারছে না। কারণ সরকারের লোকজনই সিন্ডিকেটের মূলহোতা। এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

গণতন্ত্র মঞ্চের রংপুরের সমন্বয়ক জাসদ নেতা আমিউদ্দিন বিএসসির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও জেএসডির ভারপ্রাপ্ত সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।

সমাবেশ শেষে ১২ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

সমাবেশে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘আমরা তাদের সমাবেশে বাধা দিইনি। তারা সড়ক বন্ধ করে রাস্তায় যানজট সৃষ্টি করেছিল। এজন্য মঞ্চ সরিয়ে নিতে বলেছি। এতে আমাদের সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়ান গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। তবে কোনও নেতাকর্মী আহত হয়েছে কিনা আমার জানা নেই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ