৭ জানুয়ারি ক্ষমতাসীনদের কফিনে শেষ পেরেক পড়বে : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ক্ষমতাসীনদের কফিনে শেষ পেরেক পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘১৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতারা উল্লাস করেছিল, মোশতাককে গ্রহণ করেছিল। আওয়ামী লীগের ভেতরকার দ্বন্দ্বেই ১৫ আগস্ট ঘটে। এর জন্য বাংলাদেশের কেউ দায়ী নয়।’
সভায় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘৭ জানুয়ারি তামাশা ও প্রহসনের নির্বাচন হবে। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে, এখন একটু শক্ত হতে হবে। আন্দোলনে শক্তির পাশাপাশি বুদ্ধিও খাটাতে হবে। অবিলম্বে সরকারের পতন ঘটাতে হবে।’
ভারতে অবস্থানরত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আন্দোলন ছাত্রদলকেই বাস্তবায়ন করতে হবে। সংগ্রামে জয়ী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই আমাদের। আন্দোলনের মাধ্যমে এমন একটি পরিবেশ, আবহ তৈরি করবো যাতে ৭ তারিখের ডামি নির্বাচন যাতে বানচাল হয়, জনগণ প্রতিহত করে।’
সর্বশক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ কেউ গ্রেপ্তার এড়াচ্ছে, কেউ কেউ দায়িত্ব..বিদেশিরা ক্ষমতায় বসাবে না, নিজেদের লড়াই করতে হবে। তোমাদের (ছাত্রদল) কাজ কেউ করে দেবে না, রক্ত তোমাদেরকেই দিতে হবে।’
ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত রাশেদ ইকবাল খান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জনতার আওয়াজ/আ আ